রায়হানের প্রদর্শনী থেকে ৭০টিরও বেশি ছবি বাদ! ছেলের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা প্রিয়াঙ্কার

Must Read

ওয়েব ডেস্ক : শিল্পের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং রাজনৈতিক বিতর্ক—এই তিন বিষয়কে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজধানী দিল্লিতে (Delhi)। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরার (Priyanka Gandhi Vadra) ছেলে রায়হান বঢরার আলোকচিত্র প্রদর্শনী থেকে ৭০টিরও বেশি ছবি সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার পর ছেলের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, সত্যের পক্ষে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষমতাবান কেউ অন্যের মতপ্রকাশে ভয় পেলে, তা শেষ পর্যন্ত সেই ক্ষমতারই দুর্বলতা প্রকাশ করে।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছেলেকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা লেখেন, কেউ যখন ক্ষমতার জোরে অন্যের মতপ্রকাশকে ভয় পেতে শুরু করেন, তখন তিনি বুঝতে পারেন না যে নিজের ক্ষমতা রক্ষা করতে গিয়েই তার ভিত্তিকে দুর্বল করে ফেলছেন। ছেলেকে সাহস জুগিয়ে তিনি আরও লেখেন, সত্যের পক্ষে দাঁড়াতে হবে। সুন্দর ও ইতিবাচক সব কিছু একদিন নিজের পথ খুঁজে নেবে। রাইহানের জন্য তিনি গর্বিত এবং সব সময় গর্বিত থাকবেন বলেও জানান প্রিয়াঙ্কা।

কী নিয়ে বিতর্ক?

দিল্লির বিকানের হাউসে রায়হান বঢরার একক আলোকচিত্র প্রদর্শনী ‘নো আইডিয়া ইজ ফাইনাল’ ঘিরেই এই বিতর্ক। রায়হানের অভিযোগ, প্রদর্শনী শুরুর ঠিক আগে সেখানে রাখা সাম্প্রতিক ছাত্র ও যুব আন্দোলনের একাধিক ছবি সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় বিকানের হাউসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাঁর দাবি, ছবিগুলির রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে আপত্তি জানানো হয়েছিল। প্রদর্শনীতে ছবি রাখার পরিকল্পনা ও বিন্যাস আগেই কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।

রায়হানের বক্তব্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ তাঁকে জানানো হয়, বিকেল পাঁচটার মধ্যে আপত্তিকর বলে চিহ্নিত ছবিগুলি সরাতে হবে। তা না হলে প্রদর্শনী বাতিল হয়ে যেতে পারে বলেও তাঁকে জানানো হয়েছিল বলে অভিযোগ। এই পরিস্থিতিতে প্রদর্শনী চালু রাখার জন্য শেষ পর্যন্ত বেশ কিছু ছবি সরিয়ে ফেলতে হয়।

আরও খবর :  সাত দিন জেল খেটে জামিন! যন্তর মন্তরে আর প্রতিবাদ নয়, মুচলেকায় কী প্রতিশ্রুতি দিলেন আশুতোষ-সৌরভ?

কোন ছবিগুলি সরানো হয়েছিল?

রায়হানের প্রদর্শনীতে বন্যপ্রাণীর ছবি, বিমূর্ত শিল্প এবং সাম্প্রতিক যুব আন্দোলনের আলোকচিত্র ছিল। তাঁর দাবি, গত কয়েক মাসে দিল্লিতে বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনের যে ছবি তিনি তুলেছিলেন, সেগুলিও প্রদর্শনীর গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাঁর বক্তব্য, ছবিগুলি কোনও রাজনৈতিক বার্তা প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। বরং রাস্তায় ঘটে যাওয়া ঘটনাগুলিকে একজন আলোকচিত্রী হিসেবে নথিবদ্ধ করাই ছিল তাঁর লক্ষ্য।

প্রদর্শনী থেকে ৭০টিরও বেশি ছবি সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিছু প্রতিবেদনে প্রায় ৭৫টি ছবি সরানোর কথা উল্লেখ করা হয়েছে। এর ফলে প্রদর্শনীর পরিকল্পিত বিন্যাসেও পরিবর্তন আসে। অভিযোগ, জাতীয় পতাকার ছবিও সরানোর কথা বলা হয়েছিল। রাইহান সেই নির্দেশের বিরোধিতা করেছিলেন বলে জানিয়েছেন।

রায়হানের মতে, প্রতিবাদের ছবি মানেই তা রাজনৈতিক প্রচার নয়। একজন শিল্পীর কাজের মধ্যে সমাজের বাস্তব পরিস্থিতি উঠে আসতেই পারে। সেই ছবিগুলিকে রাজনৈতিক বলে চিহ্নিত করে প্রদর্শনী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ছেলের প্রদর্শনী ঘিরে বিতর্ক সামনে আসার পর প্রিয়াঙ্কা গান্ধীও প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, যুবসমাজের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে। আজ একজন শিল্পীর কাজের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে আগামী দিনে অন্য শিল্পীরাও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This