ওয়েব ডেস্ক : মহালয়ার (Mahalaya) সন্ধ্যায় ইডেন উদ্যানে জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের দুর্গাপুজোর (Durga Puja 2026) সূচনা হতে চলেছে। জানা যাচ্ছে, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেবী দুর্গার চক্ষুদান করবেন। তাঁকে সঙ্গে নিয়ে ইডেনে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া রয়েছে আরও বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ইডেনে (Eden) প্রবেশের সময় বিশেষ আয়োজন করা হয়েছে। এক হাজার মহিলার উলুধ্বনির পাশাপাশি ১০ হাজার ঢাক একসঙ্গে বেজে উঠবে বলে জানা গিয়েছে। স্টেডিয়াম পরিক্রমার সময় পুজোর গান পরিবেশন করবেন শ্রেয়া ঘোষাল।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, অনুষ্ঠানটির পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। সামান্য কিছু পরিবর্তন হতে পারে, তবে অনুষ্ঠানের মূল পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেনের নিরাপত্তার দায়িত্ব থাকবে এসপিজির হাতে।ইডেনের অনুষ্ঠান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ১০ হাজার দুর্গাপুজোর (Durga puja 2026) উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি থাকছে ‘মা আসছে—উমা স্টোরি’ নামে ত্রিমাত্রিক আলোকচিত্র প্রদর্শনী।
বিকেল চারটে থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার বিভিন্ন জেলার নিজস্ব লোকসংস্কৃতি ও ঐতিহ্য সেখানে তুলে ধরা হবে। দার্জিলিঙের তামাং সেলো, কালিম্পঙের লেপচা নাচ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের রাজবংশী নৃত্য, মালদহের গম্ভীরা এবং বীরভূমের বাউল গান থাকছে অনুষ্ঠানে। এছাড়া থাকবে অন্যান্য রাজ্যের সংস্কৃতিক অনুষ্ঠানও।বাংলার নানা লোকশিল্পও অনুষ্ঠানের অংশ হবে।
