২০২৫-এর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে, অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৫ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপাতত কোনও বাধা রইল না। ওবিসি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত মামলায় কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। শনিবার বিচারপতি অর্জুনরায় মুখার্জি জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ইতিমধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলেও তার ভবিষ্যৎ নির্ভর করবে মামলার পূর্ণাঙ্গ শুনানি এবং চূড়ান্ত রায়ের উপর।

শনিবার মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবী সুপদীপ্ত দাশগুপ্ত জানান, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদনকারীরা ওবিসি-এ এবং ওবিসি-বি শ্রেণিতে আবেদন করেছিলেন। তাঁর বক্তব্য, ২০১১ সালের আগে রাজ্যে ওবিসি তালিকায় ৬৬টি সম্প্রদায় ছিল। পরবর্তী সময়ে তৎকালীন রাজ্য সরকার সেই সংখ্যা বাড়িয়ে ৭৭টি করে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ২০২৫ সালের ১৭ জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে তৎকালীন রাজ্য সরকার। ২০ জুলাই ২০২৫ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। পরে ১৮ মে ২০২৬ রাজ্যের নতুন সরকার পূর্বতন সরকারের ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলি বাতিল করে এবং সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদন প্রত্যাহার করে। ফলে ৬৬টি সম্প্রদায়ের ওবিসি তালিকাই বহাল থাকে।

আরও খবর :  পুজো পাস দুর্নীতি তদন্তে নয়া পদক্ষেপ, এবার লালবাজারের তলব ইন্দ্রনীল-জায়া মধুছন্দাকে

আবেদনকারীদের আইনজীবী আরও জানান, গত ১৪ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ওবিসি-এ এবং ওবিসি-বি শ্রেণিতে আবেদন করা প্রার্থীদের সাধারণ শ্রেণির প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। তাঁর দাবি, আবেদন করার সময় প্রার্থীরা সংরক্ষিত শ্রেণির ভিত্তিতেই আবেদন করেছিলেন। তাই নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে তাঁদের শ্রেণি পরিবর্তন করা যায় না। প্রয়োজনে পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করা যেতে পারে। অন্যদিকে পর্ষদের আইনজীবী সুবীর স্যানাল জানান, পর্ষদ সরকারের নির্ধারিত নির্দেশিকা মেনেই কাজ করছে। পর্ষদ নিজে কোনও শ্রেণি পরিবর্তন করেনি, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ওই প্রার্থীদের সাধারণ শ্রেণিতে বিবেচনা করা হচ্ছে।

বিচারপতি অর্জুনরায় মুখার্জি পর্যবেক্ষণে জানান, আবেদনকারীরা যখন আবেদন করেছিলেন, তখন তাঁরা সংরক্ষিত আসনের ভিত্তিতেই আবেদন করেছিলেন। বিষয়টি আদালতের বিবেচনায় রয়েছে। তবে সব পক্ষের বক্তব্য না শুনে এখনই কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। আদালতের নির্দেশ, মামলার সঙ্গে যুক্ত সব বিবাদী পক্ষকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। আবেদনকারীদের এক সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদ ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে থাকলে তা মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This