ওয়েব ডেস্ক : রাতারাতি গ্রাহকদের সঞ্চয়ী অ্যাকাউন্ট ও স্থায়ী আমানত থেকে উধাও হয়ে গিয়েছিল কোটি কোটি টাকা! গ্রেটার নয়ডায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) একটি শাখাকে ঘিরে এমনই অভিযোগ সামনে এসেছিল। গ্রাহকদের দাবি, তাঁদের অনুমতি ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৫ কোটি টাকার গরমিলের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই তিন গ্রাহকের মোট ৪৩ লক্ষ টাকা ফেরানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।
বৃহস্পতিবার পিএনবি জানিয়েছে, সমস্ত বৈধ দাবি যাচাই করে মেটানো হবে। বুধবার পর্যন্ত তিন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ৪৩ লক্ষ টাকা নিষ্পত্তি করা হয়েছে। বাকি অভিযোগগুলিও অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
এক বিবৃতিতে পিএনবি জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আর্থিক অসঙ্গতির প্রকৃত পরিমাণ নির্ধারণের পাশাপাশি তদন্তকারী কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতা করা হচ্ছে। আর্থিক প্রতারণা ও অনিয়মের ক্ষেত্রে ব্যাঙ্কের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও স্পষ্ট করা হয়েছে। তদন্তে কারও দায় প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে।
বুধবার একাধিক গ্রাহক অভিযোগ করেন, তাঁদের অনুমতি ছাড়াই সঞ্চয়ী অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানত থেকে টাকা স্থানান্তর করা হয়েছে। এমনকী, এই লেনদেনের বিষয়ে কোনও সতর্কবার্তাও পাননি বলে দাবি তাঁদের। অভিযোগের পর শাখার ম্যানেজার-সহ একাধিক কর্মীকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ঘটনায় বিটা-২ থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
