পিএনবির গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫ কোটি টাকা! সঞ্চয় ও স্থায়ী আমানত নিয়ে তোলপাড়

Must Read

ওয়েব ডেস্ক : ব্যাঙ্কে গচ্ছিত সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় (Noida)। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) আইছার এলাকার একটি শাখায় গ্রাহকদের সঞ্চয়ী অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানত থেকে প্রায় ৩৫ কোটি টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। গ্রাহকদের একাংশের দাবি, তাঁদের অনুমতি ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছে। এমনকী, লেনদেনের বিষয়ে কোনও বার্তাও পাননি তাঁরা। অভিযোগ সামনে আসার পর তদন্ত শুরু করেছে পুলিশ। শাখা ম্যানেজার-সহ একাধিক ব্যাঙ্ককর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

হানিফ খান নামে এক গ্রাহকের দাবি, তাঁর সঞ্চয়ী অ্যাকাউন্টে ৩৯ লক্ষ টাকা ছিল। কিন্তু বর্তমানে সেই টাকা আর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না। তাঁর বক্তব্য, টাকা সরানোর বিষয়ে তিনি কোনও বার্তা পাননি। এমনকী, অর্থ স্থানান্তরের অনুমতি দিয়ে কোনও নথিতেও সই করেননি বলে দাবি করেছেন তিনি। কীভাবে তাঁর অজান্তে অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হল, সেই প্রশ্নই তুলেছেন ওই গ্রাহক।

আরও খবর :  বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে সমর্থন জানাল সিজেপি

অভিযোগের তালিকায় রয়েছেন কৃষক বিজেন্দ্র সিংও। তাঁর দাবি, আগে তাঁর অ্যাকাউন্টে প্রায় ৮৭ থেকে ৮৮ লক্ষ টাকা জমা ছিল। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে ওই অর্থ পেয়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে অ্যাকাউন্টে মাত্র ১ লক্ষ টাকা রয়েছে বলে অভিযোগ তাঁর।

একই ধরনের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সি সন্তোষ নামে এক মহিলার অ্যাকাউন্ট নিয়েও। তিনি বিরোন্ডা গ্রামের বাসিন্দা এবং চা-সমুচা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। জেওয়ার বিমানবন্দর প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে তাঁর অ্যাকাউন্টে ১ কোটি ২৯ লক্ষ টাকা জমা পড়েছিল বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, তার মধ্যে ১ কোটি ১৮ লক্ষ টাকা আর অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে না। টাকা তুলতে গিয়ে বিষয়টি প্রথম নজরে আসে পরিবারের সদস্যদের।

আর এক গ্রাহক জাকিরের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ ৫০ হাজার টাকা উধাও হয়েছে। তাঁর বক্তব্য, সন্দেহজনক লেনদেনের বিষয়ে কোনও এসএমএস পাননি তিনি। পরে ব্যাঙ্কের শাখায় গিয়ে বিষয়টি জানতে পারেন। একাধিক গ্রাহকের অভিযোগ, অ্যাকাউন্টে জমা থাকা টাকা হঠাৎ কমে গিয়েছে। তবে কীভাবে এই অর্থ স্থানান্তরিত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

শাখা ম্যানেজার-সহ একাধিক কর্মী সাসপেন্ড

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গ্রেটার নয়ডার সংশ্লিষ্ট শাখাটি বিটা-২ থানার আওতায় পড়ে। সেখানে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পিএনবি কর্তৃপক্ষ শাখা ম্যানেজার-সহ একাধিক কর্মীকে সাসপেন্ড করেছে। গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This