দিল্লিতে আটক পিনারাই বিজয়ন-সহ একাধিক বাম নেতা, নিয়ে যাওয়া হয় ছত্রশাল স্টেডিয়ামে

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। শনিবার তাঁর সঙ্গে আটক করা হয়েছে একাধিক বাম নেতাকেও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে যন্তর মন্তরে জমায়েতের পরিকল্পনা ছিল তাঁদের।

আটক নেতাদের তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস, কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী কে এন বালাগোপাল, সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি এবং পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট। যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় তাঁদের আটকে দেয় দিল্লি পুলিশ। পরে তাঁদের ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় বলে খবর। আটক হওয়ার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন পিনারাই বিজয়ন।

তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদি সরকার এবং সঙ্ঘ পরিবার মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা করছে। তবে পুলিশি পদক্ষেপে প্রতিবাদ থামানো যাবে না বলেও দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিজয়ন (Pinarayi Vijayan) লেখেন, “যখন ক্ষমতায় থাকা ব্যক্তিরা সাধারণ মানুষের কণ্ঠস্বরকে ভয় পায়, তখন গণতন্ত্রই আক্রান্ত হয়। মোদি সরকার এবং সঙ্ঘ পরিবারকে বুঝতে হবে, দমন-পীড়ন চালিয়ে মানুষের অধিকার রক্ষার সংকল্পকে কখনও দমিয়ে রাখা যায় না।সংবিধান ও ভোটাধিকার রক্ষার দাবিতে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন। ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখা যেতে পারে, কিন্তু গণতন্ত্রের অগ্রযাত্রাকে থামানো যায় না। নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ মানুষের কণ্ঠস্বর কোনও শক্তিই স্তব্ধ করতে পারবে না।”এদিকে, জন সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়ার পর তাঁদের অন্য একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

আরও খবর : ‘ভারতের আসল বস আম্বানি!’ সরাসরি নিশানা করলেন ইলন মাস্ক

অন্যদিকে, মহাত্মা গান্ধীর প্রপৌত্র তথা সমাজকর্মী তুষার গান্ধীকে (Tushar Gandhi) আটক করেছে মুম্বই পুলিশ। শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভের সমর্থনে মুম্বইয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তুষার গান্ধী-সহ তাঁর সংগঠনের কয়েকজন সদস্যকে আটক করা হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। জানা গিয়েছে, তুষার গান্ধী ‘হম ভারত কে লোগ’ সংগঠনের প্রধান। শনিবার বিকেল সাড়ে তিনটেয় মুম্বইয়ের ঐতিহাসিক অগাস্ট ক্রান্তি ময়দানে জমায়েতের ডাক দিয়েছিলেন তিনি। দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির যে প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা ছিল, তার প্রতি সংহতি জানানোই ছিল এই জমায়েতের উদ্দেশ্য।

পুলিশ সূত্রে খবর, বান্দ্রা এলাকা থেকে তুষার গান্ধীকে আটক করে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর সংগঠনের সহ-সভাপতি গুড্ডি এস এল-কেও আন্ধেরি থেকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। সমাজকর্মী ফিরোজ মিথিবোরওয়ালাকেও তাঁর বাড়ি থেকে আটক করে এমআইডিসি থানায় নিয়ে যাওয়া হয়

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র তরফেও যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। পাশাপাশি নিষেধাজ্ঞামূলক বিধিনিষেধ জারি করা হয়েছিল। এর মধ্যেই সিজেপির কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয় এবং একাধিক রাজনৈতিক নেতা ও সমাজকর্মীকে আটক করার খবর সামনে এসেছে।

Latest News

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, অভিজিৎ দিপকেদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে?

ওয়েব ডেস্ক : দিল্লিতে বিক্ষোভ (Delhi protest) কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় করেছে পুলিশ। অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা এবং...

More Articles Like This