ওয়েব ডেস্ক : এক দশকেরও বেশি সময় ধরে সফটওয়্যারের কোডে লুকিয়ে ছিল নিরাপত্তার ফাঁক। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই ত্রুটি শনাক্ত হতেই বিশ্বজুড়ে সতর্কতা (Cybersecurity Alert)। বুধবার, ২১ অক্টোবর ইউরোপের একাধিক দেশে সরকারি ওয়েবসাইট ও অনলাইন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-র (PHP) দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি সামনে আসার পরই এই পদক্ষেপ। সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলিকে সুরক্ষিত রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পিএইচপি ইন্টারনেটের বহু ওয়েবসাইট চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়ার্ডপ্রেস-সহ বিভিন্ন জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মেও এই প্রযুক্তি ব্যবহৃত হয়। সাইবার নিরাপত্তা সংস্থা উইজ এবং ক্যালিফ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ত্রুটিগুলি শনাক্ত করেছে বলে জানিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা সার্ভারে অননুমোদিত প্রবেশ করতে পারে। তাতে ওয়েবসাইটের তথ্য ও পরিষেবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে।
আরও খবর : ২০২৭ সালের দুর্গাপুজো কবে? মহালয়া থেকে বিজয়া দশমী, জেনে নিন দিনক্ষণ
নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও ফিনল্যান্ডে একাধিক সরকারি ও প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট সতর্কতামূলকভাবে বন্ধ রাখা হয়। নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দরের ওয়েবসাইট এবং ফিনল্যান্ডের সরকারি অনলাইন পরিষেবাও এই পদক্ষেপের আওতায় আসে। তবে সব ক্ষেত্রেই যে সাইবার হামলা হয়েছে, তা নয়। বেশ কয়েকটি সংস্থা জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়াতেই পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
পিএইচপি-র নির্মাতারা বুধবারই নিরাপত্তা ত্রুটি সংশোধনের জন্য নতুন আপডেট প্রকাশ করে দ্রুত তা ইনস্টল করার পরামর্শ দিয়েছেন। কিন্তু সংশোধনী প্রকাশ্যে আসার পর দুর্বলতা বিশ্লেষণ করে হামলা চালানোর ঝুঁকি আরও বেড়েছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তারা এই ত্রুটিগুলিকে কাজে লাগানোর প্রাথমিক প্রচেষ্টার লক্ষণ দেখেছে। ফলে যেসব সার্ভারে এখনও নিরাপত্তা আপডেট লাগানো হয়নি, সেগুলিকে দ্রুত সুরক্ষিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
