ওয়েব ডেস্ক : সাংবাদিক নিধি রাজদানের (Nidhi Razdan) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন দু’জনেই। ইনস্টাগ্রামে নিধির সঙ্গে একটি ছবি পোস্ট করে ওমর লেখেন, “গতকাল থেকে শুরু হল এক নতুন যাত্রা।” সেই পোস্টে নিধি রাজদানকেও ট্যাগ করেন তিনি।
ওমরের পোস্টের কিছুক্ষণের মধ্যেই এক্স হ্যান্ডলে নিজেদের বিয়ের কথা জানান নিধি রাজদানও। ওমরকে ট্যাগ করে তাঁর সংক্ষিপ্ত বার্তা, “ইটস ডান, ব্রো।” দু’জনের পোস্টেই বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিশেষ বিবাহ আইন অনুযায়ী তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। দুই পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রীনগর ও দিল্লিতে বিয়ের আয়োজন হয়েছিল বলেও জানা গিয়েছে।
আরও খবর : ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে?
ওমর আবদুল্লার ব্যক্তিগত জীবনে এই নতুন অধ্যায় শুরু হল তাঁর আগের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার কয়েক মাস পর। চলতি বছরের ৩১ জুলাই সুপ্রিম কোর্ট ওমর ও তাঁর বিচ্ছিন্না স্ত্রী পায়েল আবদুল্লার বিবাহবিচ্ছেদের বিষয়ে সম্মতি জানায়। দু’পক্ষই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কের ইতি টানতে এবং একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহার করতে রাজি হয়েছিলেন। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে এই বিচ্ছেদ মঞ্জুর করে শীর্ষ আদালত।
১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওমর ও পায়েল। তাঁদের দুই ছেলে—জাহির ও জামির। ২০০৯ সাল থেকে তাঁরা আলাদা থাকছিলেন বলে জানা যায়। দীর্ঘ আইনি পর্বের পর বিচ্ছেদের নিষ্পত্তি হয় চলতি বছরের জুলাইয়ে। এবার সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
