ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর পর এবার কালীপুজো (Kalipuja) ও দীপাবলিকে (Diwali) কেন্দ্র করে বড়সড় আয়োজনের প্রস্তুতি নিউটাউনে (Newtown)। বাংলার অন্যতম বৃহৎ দীপাবলি উদযাপনের লক্ষ্য নিয়ে মেলা প্রাঙ্গণে একসঙ্গে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ জ্বালানোর পরিকল্পনা করেছে সনাতনী দুর্গাপুজো কমিটি। উদ্যোক্তাদের দাবি, এই বিপুল সংখ্যক প্রদীপের আলোয় তৈরি হবে বিশেষ উৎসবের আবহ। আগামী ৮ ও ৯ নভেম্বর দু’দিন ধরে চলবে নানা অনুষ্ঠান।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ৮ নভেম্বর জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হবে কালীপুজো। পরদিন ৯ নভেম্বর দর্শকদের জন্য থাকছে আতসবাজির প্রদর্শনী। পরিবেশের কথা মাথায় রেখে প্রদর্শনীতে পরিবেশবান্ধব বাজি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা বরুণ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
আরও খবর : চোরবাগান থেকে শিক্ষা! মণ্ডপ থেকে ঘাট, নিরাপত্তায় একাধিক বিধি বেঁধে দিল নবান্ন
সনাতনী দুর্গাপুজো কমিটির সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন শুভেন্দু অধিকারী। উদ্যোক্তাদের দাবি, পূর্ববর্তী সরকারের সময়ে দুর্গাপুজোর আয়োজন করতে গিয়ে তাঁদের আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। পুজোর নামের সঙ্গে ‘সনাতনী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশাসনিক আপত্তি ছিল বলেও অভিযোগ করেছিলেন তাঁরা। তবে এবছর দুর্গাপুজোর পর এবার কালীপুজো ও দীপাবলিকেও আরও বড় পরিসরে আয়োজন করতে চাইছেন উদ্যোক্তারা।
