কলকাতা: রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade parade ground) বসতে চলেছে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। আগামী ৯ মে, শনিবার, পঁচিশে বৈশাখের দিন ব্রিগেডে শপথ নেবেন বিজেপির (BJP) মুখ্যমন্ত্রী-সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। সেই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থায় কড়া নজরদারি শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
বৃহস্পতিবার বিকেলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তাঁর সঙ্গে ছিলেন পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। পরিদর্শনের পর কমিশনার জানান, “নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শুধু ব্রিগেড নয়, সংলগ্ন বিস্তীর্ণ এলাকাকেও বিশেষ নজরদারির আওতায় রাখা হচ্ছে।”
আরও পড়ুন: ক্ষমতার পালাবদলের পরই বালি খাদানে প্রশাসনের অভিযান
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের। ফলে অনুষ্ঠান ঘিরে ভিড় যে কয়েকগুণ বাড়বে, তা কার্যত নিশ্চিত বলেই মনে করছে প্রশাসন। বিজেপির পক্ষ থেকেও দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব সামলাবে। সূত্রের খবর, প্রায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে ব্রিগেড ও সংলগ্ন এলাকায়। ডিজি-স্তরের আধিকারিকরাও গোটা পরিস্থিতির উপর সরাসরি নজর রাখবেন।
শুক্রবার থেকেই শহরের প্রবেশ ও বাহিরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে শুরু হচ্ছে কড়া নজরদারি এবং নাকা চেকিং। ধর্মতলা-এসপ্ল্যানেড চত্বরে রাজনৈতিক সভার সময় যেভাবে একাধিক জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠানেও সেই একই কৌশল নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)-এর আধিকারিকরাও ব্রিগেড চত্বর ঘুরে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী উপস্থিত থাকায় তাঁর নিরাপত্তা ঘিরেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার সকাল ১০টা থেকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। ফলে সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে দলে দলে মানুষ ব্রিগেডমুখী হতে পারেন বলে অনুমান পুলিশের। সেই কারণে যান চলাচলেও একাধিক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ট্র্যাফিক ডাইভারশন এবং ব্যারিকেডিংয়ের প্রস্তুতিও শুরু হয়েছে।
