কলকাতা: রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র (CSG) শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনএসজি-র ডিরেক্টর জেনারেল ভৃগু শ্রীনিবাসন, আইজি (ট্রেনিং অ্যাকাডেমি) মেজর জেনারেল বিকাশ চৌধুরী এবং গ্রুপ কমান্ডার (ট্রেনিং) কর্নেল পি. ভি. শুক্লা।
প্রশাসনিক সূত্রের খবর, আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ওই বৈঠক। রাজ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সুরক্ষা, সন্ত্রাস দমনে প্রস্তুতি এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত! নিম্নচাপের জেরে তোলপাড় উপকূল
সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিশানা করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে বলে প্রশাসনিক মহলের একাংশের মত। তার মধ্যেই এনএসজি-র শীর্ষ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশেষত কোনও ধরনের সম্ভাব্য নাশকতা বা সন্ত্রাসবাদী হামলা মোকাবিলায় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়েও বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। তবে বৈঠকে ঠিক কী কী বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, তা নিয়ে সরকার বা এনএসজি-র তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল এলাকাগুলির নিরাপত্তা পরিকাঠামো নিয়েও মতবিনিময় হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার ক্ষেত্রে প্রস্তুতি এবং প্রশিক্ষণের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে জানা যাচ্ছে।
বৈঠক শেষে এনএসজি কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে সরকারি ভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রশাসনিক মহলের মতে, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠকের গুরুত্ব যথেষ্ট।
