পুজোর মুখে টাকার টান ‘মমতা তৃণমূলে’! কর্মীদের বেতন-অফিস ভাড়ার টাকা আটকে, হাই কোর্টেও মিলল না দ্রুত শুনানি

Must Read

কলকাতা: দুর্গাপুজোর মুখে আর্থিক জটিলতায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। দলীয় কর্মীদের বকেয়া বেতন এবং কার্যালয়ের ভাড়া-সহ দৈনন্দিন খরচ মেটাতে প্রয়োজনীয় তহবিল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আদালতের নিযুক্ত বিশেষ আধিকারিকের মাধ্যমে টাকা ছাড়ার ব্যবস্থা থাকলেও সেই অর্থ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। পরিস্থিতিতে দ্রুত শুনানির আবেদন করেছিল কালীঘাট তৃণমূল। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। পুজোর ছুটির পর স্বাভাবিক নিয়মেই মামলাটি শোনা হবে বলে জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূলের তিনটি অ্যাকাউন্টে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে। ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার পর বিষয়টি আদালতে গড়ায়। গত ৯ জুলাই হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, দল ওই অ্যাকাউন্টগুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না রাখলেও সাংগঠনিক দৈনন্দিন কাজ এবং কর্মীদের বেতন মেটানোর মতো প্রয়োজনীয় খরচের জন্য নির্দিষ্ট অর্থ ব্যবহার করতে পারবে। সেই প্রক্রিয়ায় বিশেষ আধিকারিকের ভূমিকা নির্ধারণ করা হয়েছিল।

অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করা হচ্ছে। কিন্তু পুজোর আগে প্রয়োজনীয় অর্থ ছাড়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। একই সঙ্গে নির্বাচন কমিশনের দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের ব্যাখ্যাও চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে সেপ্টেম্বরের শুনানিতে হাই কোর্ট জানিয়েছিল, নির্বাচন কমিশনের নির্দেশটি উপনির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী ব্যবস্থা এবং তা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ফলে দৈনন্দিন খরচের জন্য তহবিল ব্যবহারের আগের ব্যবস্থাও বহাল রাখা হয়েছিল বলে আদালতের পর্যবেক্ষণ ছিল।

এ বার পুজোর আগে দ্রুত হস্তক্ষেপ চেয়ে আদালতে আবেদন করা হলেও বিচারপতি সৌগত ভট্টাচার্য জরুরি শুনানিতে রাজি হননি। ফলে কর্মীদের বেতন এবং অফিসের ভাড়া মেটানো নিয়ে তৈরি হওয়া জটিলতার আপাতত কোনও তাৎক্ষণিক সমাধান হল না।

পুজোর ছুটির পর আদালত স্বাভাবিক নিয়মে খুললে ফের এই মামলার শুনানি হবে। তত দিন দলীয় তহবিল ব্যবহারের বিষয়টি নিয়ে মমতা শিবিরকে অপেক্ষা করতে হবে।

Latest News

এভারেস্টের জিরে গুঁড়োয় নির্ধারিত সীমার বেশি কীটনাশক! নির্দিষ্ট ব্যাচ বাজার থেকে তুলল FSSAI

নয়াদিল্লি: রান্নাঘরে ব্যবহৃত এভারেস্টের জিরে গুঁড়ো নিয়ে সতর্কতা। পরীক্ষায় নির্ধারিত সর্বোচ্চ সীমার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার পর এভারেস্ট...

More Articles Like This