ওয়েব ডেস্ক : ভোট কারচুপির অভিযোগকে সামনে রেখে দিল্লিতে বিরোধী জোটের শক্তি প্রদর্শনের ডাক দিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট বাঁচাও মহাসমাবেশ’-এর আয়োজন করেছে ইন্ডিয়া জোট (INDIA Bloc)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কর্মসূচিতে বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ভোটপ্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের জবাব প্রয়োজন।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে জানিয়েছেন, “আগামী রবিবার, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ঐক্যবদ্ধ হবে ইন্ডিয়া জোট। ‘ভোট চুরি’র বিরুদ্ধে এই লড়াই আসলে প্রত্যেক ভারতীয়ের ভোটাধিকার রক্ষার লড়াই। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও ভোট লুঠের যে অভিযোগ উঠেছে, তার জবাব চাই। নীরবতা নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহি। ইভিএমের কার্যকারিতা, ভোটারদের তথ্যের সুরক্ষা, ভোটার তালিকার স্বচ্ছতা এবং ভোট গণনার প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী, যুবসমাজ, মহিলা, শ্রমিক এবং নাগরিক সমাজের সকলকে এই লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। ভোটাধিকার যখন প্রশ্নের মুখে, তখন নীরব থাকার কোনও অবকাশ নেই। আসুন, সকলে একজোট হয়ে গণতন্ত্রকে রক্ষা করি, সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখি।”
On Sunday, 1 November, I.N.D.I.A will stand united at Ramlila Maidan.
The fight against Vote Chori is a fight to protect every Indian’s right to choose. The Vote Loot in Bengal and across other states demand answers, not silence!
-EVMs under scrutiny
-Voter data under question
-Electoral rolls under suspicion
-Counting under challengeI appeal to students, youth, women, workers and civil society to join us in this fight.
When the vote is under threat, silence is not an option.
Let us stand together to DEFEND our DEMOCRACY and SAVE our CONSTITUTION.
📍 Ramlila Maidan, Delhi | Sunday, 1 November 12.30
— Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2026
আরও খবর : চার রাজ্যের বিধান পরিষদ ভোটে কে কটা আসন পেল?
এদিকে, ১ নভেম্বরের দিল্লি অভিযান ও সমাবেশে যোগ দেওয়ার জন্য রেল পরিষেবা চেয়ে আবেদন করেও সাড়া না পাওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের দাবি, তেলঙ্গানা থেকে কংগ্রেসের সাংসদ, বিধায়ক ও কর্মীদের দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থা চাওয়া হয়েছিল। কিন্তু রেল কর্তৃপক্ষ সেই আবেদনের জবাব দিতে দেরি করেছে বলে অভিযোগ তাঁর। বেণুগোপাল আরও দাবি করেছেন, ‘ভোট চুরি’র অভিযোগে বিরোধীদের এই কর্মসূচি ঘিরে বিজেপি নেতৃত্ব উদ্বিগ্ন।
