মালদহ: দশভুজা বললেই চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার ছবি। কিন্তু মালদহের বামনগোলায় দেবী লক্ষ্মীই পূজিত হন ১৮ হাতের মহালক্ষ্মী রূপে। গত ২৬ বছর ধরে এই বিশেষ রীতিতে দেবীর আরাধনা হয়ে আসছে গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমে। কোজাগরী পূর্ণিমায় দেবীর এই ব্যতিক্রমী রূপ দেখতে দূরদূরান্ত থেকে ভক্তেরা ভিড় করেন।
মালদহের বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রম। আশ্রম কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। তার পরের বছর, অর্থাৎ ১৯৯৯ সালে, ১৮ হাতের মহালক্ষ্মী পুজোর সূচনা করেন স্বামী আত্মাপ্রেনানন্দ মহারাজ।
এই প্রতিমার বিশেষত্ব দেবীর হাতে থাকা বিভিন্ন অস্ত্র ও উপকরণ। চক্র, ত্রিশূল, গদা, তির-ধনুক, বজ্র, কুঠার, পদ্ম ও শঙ্খ-সহ নানা অস্ত্রের মাধ্যমে দেবীর শক্তিরূপ তুলে ধরা হয়। আশ্রম কর্তৃপক্ষের ব্যাখ্যা, লক্ষ্মী, দুর্গা ও চণ্ডীর বিভিন্ন রূপের ভাবনা থেকেই ১৮ হাতের মহালক্ষ্মীর এই আরাধনা।
পুজোর নিয়মেও রয়েছে কিছু স্বাতন্ত্র্য। সকালে মহালক্ষ্মী রূপে দেবীর আরাধনা করা হয়। কোজাগরী পূর্ণিমার রাতে লক্ষ্মীর অন্য রূপে পুজোর আয়োজন থাকে। পুজোর আচার-অনুষ্ঠানে থাকে নানা উপাচার। যজ্ঞে অর্পণ করা হয় ১০৮টি বেলপাতা। ভোগে থাকে পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল ও মিষ্টি।
দেবীর এই অনন্য রূপকে ঘিরে আশ্রমে প্রতিবছরই ভক্তদের সমাগম হয়। প্রচলিত লক্ষ্মী প্রতিমার চেনা রূপের বদলে এখানে শক্তির প্রতীক হিসেবে দেবীর ১৮ হাতের মূর্তি বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
ধর্মীয় বিশ্বাস, স্থানীয় ঐতিহ্য এবং স্বতন্ত্র পুজোর রীতির মেলবন্ধনে মালদহের বামনগোলার এই মহালক্ষ্মী পুজো ইতিমধ্যেই বিশেষ পরিচিতি পেয়েছে।
