ওয়েব ডেস্ক : পুজোর ভিআইপি পাস বিক্রিকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তের পরিধি আরও বাড়াল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রী মধুছন্দা সেনকে (Madhuchhanda Sen) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল লালবাজার। ‘মাস আর্ট’ সংস্থার মাধ্যমে পাস বিক্রি এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনে তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। এই মামলায় আগেই আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন মধুছন্দা। উল্লেখ্য, বুধবার ইডির দফতরে হাজিরা দিতে গিয়ে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন ইন্দ্রনীল। বর্তমানে ১০ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।
মামলার সূত্রপাত গত জুন মাসে। ট্রাভেল এজেন্ট জয়দীপ মুখোপাধ্যায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বউবাজার থানায় তদন্ত শুরু হয়। অভিযোগ, দুর্গাপুজোর প্রিভিউ শো এবং ভিআইপি পাস বিক্রির আড়ালে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। তদন্তকারীদের দাবি, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ৩০ কোটি টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে। শুধু পুজোর পাস বিক্রিই নয়, তথ্য ও সংস্কৃতি দফতরের বিভিন্ন অনুষ্ঠান এবং বইমেলার টেন্ডার বণ্টন নিয়েও একাধিক অভিযোগ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সব মিলিয়ে সম্ভাব্য দুর্নীতির অঙ্ক ১১৫ কোটি টাকার বেশি বলে দাবি তদন্তকারীদের।
আরও খবর : রবিবার কলকাতা মেট্রোয় আংশিক পরিষেবা! ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে চলাচল
তদন্তে উঠে এসেছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রসঙ্গ। পুলিশের অভিযোগ, ইন্দ্রনীলের স্ত্রী, মেয়ে এবং আত্মীয়দের নামে থাকা কয়েকটি অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। সেই অ্যাকাউন্টগুলিতে কীভাবে টাকা জমা পড়েছিল, অর্থের উৎস কী এবং সংশ্লিষ্ট লেনদেনের সঙ্গে কারা যুক্ত, তা জানতেই মধুছন্দাকে জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজার।
পাশাপাশি, দুর্গাপুজোর পাস বিক্রির ক্ষেত্রে ইউনেস্কোর নাম ও পরিচিতি ব্যবহারের প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। অন্যদিকে, আর্থিক লেনদেনের বৃহত্তর দিক খতিয়ে দেখতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের অধীনে পৃথক তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসবের মাঝে এবার ইন্দ্রনীলের স্ত্রীকে তলব করল পুলিশ।
