ব্রাজিলে ফের লুলা-যুগ! চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচিত বামপন্থী নেতা

Must Read

ওয়েব ডেস্ক: প্রথম দফার ভোটে পিছিয়ে পড়েও শেষ হাসি লুইজ ইনাসিও লুলা দা সিলভার। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা। রবিবার, ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার ভোটে ৫১.৭৯ শতাংশ বৈধ ভোট পেয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিওর ঝুলিতে গিয়েছে ৪৮.২১ শতাংশ ভোট। ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষের ঘোষণায় নিশ্চিত হয়েছে এই ফল।

লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে এই জয় লুলার রাজনৈতিক জীবনে আরও একটি উল্লেখযোগ্য অধ্যায়। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দু’বার প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছিলেন তিনি। ২০২৩ সালে ফের ক্ষমতায় ফেরেন। এ বার আরও এক দফার জন্য নির্বাচিত হয়ে ব্রাজিলের গণতান্ত্রিক ইতিহাসে চতুর্থবার প্রেসিডেন্ট হওয়ার নজির গড়লেন ৮০ বছর বয়সি এই নেতা। নতুন মেয়াদ শুরু হওয়ার কথা ২০২৭ সালের জানুয়ারিতে।

প্রথম দফার ভোটে ফ্লাভিও এগিয়ে থাকায় দ্বিতীয় দফার লড়াই ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত ব্যবধান ঘুচিয়ে জয় ছিনিয়ে নেন লুলা। তাঁর প্রচারে গুরুত্ব পেয়েছিল সামাজিক কল্যাণমূলক প্রকল্প, শ্রমজীবী মানুষের স্বার্থ এবং ব্রাজিলের সার্বভৌমত্বের প্রশ্ন। অন্য দিকে, ফ্লাভিও বলসোনারো করছাড়, নিরাপত্তা এবং প্রশাসনিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছিলেন।

তবে ফল ঘোষণার পরেও বিতর্ক থামেনি। ফ্লাভিও ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ফল বাতিলের দাবি জানিয়েছেন। নির্বাচনী কর্তৃপক্ষ অবশ্য লুলার জয় ঘোষণা করেছে। ফলে ফলাফল নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

লুলার এই জয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্রাজিলের সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের বাণিজ্যনীতি ও কূটনৈতিক চাপের সমালোচনা করে প্রচারে ব্রাজিলের জাতীয় স্বার্থকে সামনে রেখেছিলেন লুলা। তাঁর জয়ের ফলে লাতিন আমেরিকার রাজনীতিতে বামপন্থী নেতৃত্বের অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে সামনে সহজ পথ নয়। রক্ষণশীল আইনসভার সঙ্গে সমন্বয় রেখে সরকার চালানো, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং দেশের রাজনৈতিক বিভাজন সামলানোই হবে লুলার নতুন মেয়াদের বড় চ্যালেঞ্জ।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This