লক্ষ্মীপুজোর বাজারে আগুন! শসা-নারকেল থেকে প্রতিমা-সবেতেই ছ্যাঁকা

Must Read

কলকাতা: কোজাগরী লক্ষ্মীপুজোর আগে বাজারে কেনাকাটা করতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। শসা, নারকেল, ফলমূল, ফুল, সবজি থেকে শুরু করে পুজোর নানা উপকরণ—প্রায় সব কিছুতেই চড়া দাম। সংসারের খরচ সামলে পুজোর আয়োজন করতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। ন্যূনতম আয়োজনেই খরচ হচ্ছে প্রায় ১১০০ টাকা। পুরোহিত, ভোগ ও অন্যান্য প্রথাগত আয়োজনের খরচ যোগ হলে সেই অঙ্ক আরও বাড়ছে।

কলকাতা-সহ হুগলি, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও শিলিগুড়ির বাজারেও পুজোর সামগ্রীর দাম চড়া বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একাধিক বাজারে শসার কেজি ৮০ থেকে ১০০ টাকা। পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় তা ১২০ টাকাতেও পৌঁছেছে। কলকাতায় একটি নারকেল কিনতে খরচ হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। অন্য কয়েকটি জেলায় আকারভেদে দাম ১৪০ টাকা পর্যন্ত উঠেছে।

ফুলের বাজারেও স্বস্তি নেই। দুর্গাপুজোর সময় ১৫-২০ টাকায় বিক্রি হওয়া পদ্মফুলের দাম লক্ষ্মীপুজোর আগে বেড়ে প্রায় ৫০ টাকা হয়েছে। গাঁদা ও রজনীগন্ধার ছোট মালার দাম প্রায় ২০ টাকা। বড় মালা কিনতে খরচ হচ্ছে ৫০ টাকা। আখের দাম ৪০ থেকে ৬০ টাকা, এক কাঁদি কলার দাম ৬০ থেকে ৮০ টাকা।

নৈবেদ্যের ফল কিনতেও বাড়তি খরচ করতে হচ্ছে। আপেলের কেজি ১৫০ থেকে ২৫০ টাকা, ডালিম ২০০ থেকে ২৫০ টাকা এবং পেয়ারা ১০০ থেকে ১৫০ টাকা। ভোগের জন্য সবজি কিনতেও চাপ বাড়ছে। আদার কেজি প্রায় ৩০০ টাকা, কাঁচা হলুদ ২০০ থেকে ২৫০ টাকা এবং কাঁচালঙ্কা ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিকোচ্ছে বলে প্রতিবেদনে দাবি।

প্রতিমার দামও কম নয়। ছোট লক্ষ্মীপ্রতিমার দাম ২০০-২৫০ টাকা, মাঝারি প্রতিমার দাম প্রায় ১২০০-১৫০০ টাকা। বিক্রেতাদের একাংশের বক্তব্য, কাঁচামাল ও শ্রমের খরচ বেড়েছে। অন্য দিকে, ক্রেতাদের দাবি, বাজেট সামলাতে প্রয়োজনীয় সামগ্রী কিনলেও পরিমাণ কমাতে হচ্ছে। ফলে উৎসবের আনন্দের পাশাপাশি বাজারদর নিয়ে চিন্তাও বাড়ছে সাধারণ পরিবারগুলির।

 

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This