কলকাতা: কলকাতার (Kolkata) নতুন শেরিফ হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ (Gautham Ghosh)। শুক্রবার তিনি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন বলে সূত্রের খবর। যদিও কবে থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, বিশেষ কাজে আপাতত চেন্নাই (Chennai) যাচ্ছেন তিনি।
কলকাতার শেরিফ পদটি সম্পূর্ণ অ-রাজনৈতিক ও সম্মানসূচক। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী পদে প্রতি বছর শহরের একজন বিশিষ্ট নাগরিককে নির্বাচিত করা হয়। অতীতে শ্রীরামকৃষ্ণের চিকিৎসক মহেন্দ্রলাল সরকার থেকে শুরু করে অভিনেতা রঞ্জিত মল্লিক, চিকিৎসক সঞ্জয় মুখোপাধ্যায়, সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই দায়িত্ব সামলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল গৌতম ঘোষের নাম।
আরও পড়ুন: ‘বিয়ন্ড এক্সট্রাঅর্ডিনারি’! ধুরন্ধর ২ দেখে আবেগে ভাসলেন ইয়ামি
কীভাবে নিয়োগ হয় কলকাতার শেরিফ?
- কলকাতা হাইকোর্ট প্রথমে তিন জন বিশিষ্ট নাগরিকের একটি প্যানেল তৈরি করে।
- সেই প্যানেল রাজ্য সরকারের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য।
- পরবর্তীতে রাজ্যপাল ওই তিনজনের মধ্যে একজনকে কলকাতার শেরিফ হিসেবে নিয়োগ করেন।
- সাধারণত এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়।
শহরের নানা সামাজিক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে শেরিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গৌতম ঘোষের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালকের এই পদে আসীন হওয়া নিঃসন্দেহে কলকাতার সাংস্কৃতিক পরিসরে নতুন মাত্রা যোগ করবে। এখন অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
