ওয়েব ডেস্ক : সোশাল মিডিয়ায় (Social Media) শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশ কমিশনারের তরফে জারি করা এই নির্দেশিকায় (Guidelines) বলা হয়েছে, দায়িত্বে থাকুন বা না থাকুন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের আচরণকে পুলিশ (Police) বিভাগ ও পরোক্ষভাবে সরকারের প্রতিফলন হিসেবেই বিবেচিত হতে পারে।
নির্দেশিকায় বলা হয়েছে, কেবলমাত্র মনোনীত ও অনুমোদিত কর্তারাই পুলিশের (Police) পক্ষে সরকারি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বিবৃতি বা ব্যাখ্যা দিতে পারবেন। সব তথ্য হতে হবে যাচাই করা ও অনুমোদিত, ব্যক্তিগত মতামতের সঙ্গে সরকারি তথ্যের কোনও মিশ্রণ করা যাবে না।
সবচেয়ে কড়া সতর্কতা দেওয়া হয়েছে গোপন ও সংবেদনশীল তথ্য নিয়ে। শ্রেণিবদ্ধ, অপারেশন-সংক্রান্ত, গোয়েন্দা বা তদন্ত সম্পর্কিত কোনও তথ্য ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা অন্য কোনও প্ল্যাটফর্মে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি চলমান তদন্তকে প্রভাবিত করতে পারে বা মিডিয়া ট্রায়ালের পরিস্থিতি তৈরি করতে পারে, এমন কোনও পোস্ট থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
আরও খবর : টেট: প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
সরকারি নীতি, প্রকল্প, রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নিয়ে ব্যক্তিগত মত প্রকাশে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। যাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। পাশাপাশি সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা, অন্যান্য দফতর বা সরকারি কর্মসূচি নিয়ে জনসমক্ষে বিরূপ মন্তব্য নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশিকায় (Guidelines) আরও বলা হয়েছে, সরকারি যানবাহন, ইউনিফর্ম, ব্যাজ বা প্রতীক ব্যক্তিগত প্রচার বা ভাবমূর্তি তৈরিতে ব্যবহার করা যাবে না। অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিতি, পরিধেয় ইউনিফর্ম এবং ব্যবহৃত ভাষা সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। তা পুলিশ সদস্য/কর্মকর্তা হিসেবে ব্যক্তির মর্যাদা ও শালীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অন্যদিকে বলা হয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচার, অনলাইন বিতর্কে জড়ানো বা অপেশাদার আচরণ থেকেও দূরে থাকতে বলা হয়েছে। এছাড়া সমাজমাধ্যমে কোনও অ্যাকাউন্ট পরিচালনার জন্য ব্যবহার করা যাবে না ইমেল আইডি। এছাড়া কোনও কিছু প্রকাশের আগে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
যদি কোনও সরকারি বা ব্যক্তিগত অ্যাকাউন্টে বিরুপ বিষয়বস্তু প্রকাশ পায়, তাহলে তা দ্রুত কর্মকর্তাদের নজরে আনতে হবে। যাতে প্রয়োজনীয় ব্যবস্থা করা যায়। সঙ্গে বলা হয়েছে, এই নির্দেশগুলি যদি অমান্য করা হয় বিভাগীয় পদক্ষেপ বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেখুন অন্য খবর :
