ওয়েব ডেস্ক : খাবারের গুণমান ও খাদ্যসুরক্ষা বিধি নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) শহরের ৪০টি রেস্তরাঁ ও খাদ্যবিপণির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। সোমবার রাত পর্যন্ত এই সংখ্যা ছিল ৩১। মঙ্গলবার তা বেড়ে ৪০ হয়েছে। তালিকায় নাম রয়েছে শহরের একাধিক নামকরা রেস্তরাঁ ও খাদ্যবিপণি। পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, এই তালিকায় নিজামস, করিম’স, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, মিষ্টিমুখ, আরসালান এবং শিমলা বিরিয়ানির মতো একাধিক পরিচিত নাম রয়েছে।
গত এক সপ্তাহ ধরে কলকাতার (kolkata) বিভিন্ন প্রান্তে খাবারের দোকান, রেস্তরাঁ এবং শপিং মলের ফুড কোর্টে অভিযান চালাচ্ছেন পুরসভার আধিকারিকেরা। সব মিলিয়ে ৫৯২টি রেস্তরাঁ ও খাদ্যবিপণিতে অভিযান চালানো হয়েছে। সেই অভিযানের রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট ৪০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।
আরও খবর : হাইকোর্টে রক্ষাকবচ পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
পুরসভা জানিয়েছে, পুর আইনে সরাসরি লাইসেন্স বাতিল করার ব্যবস্থা নেই। সেই কারণে আপাতত দু’সপ্তাহের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট রেস্তরাঁ ও খাদ্যবিপণিগুলিকে জবাব দিতে হবে। পাশাপাশি খাদ্যসুরক্ষা বিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও করতে হবে।
অভিযানের সময় দোকানের হেঁশেল থেকে খাবার মজুত রাখার পদ্ধতি, সব কিছুই পরীক্ষা করেছেন আধিকারিকেরা। পুরসভা সূত্রের দাবি, কোথাও পচা-বাসি মাংস, কোথাও ছত্রাক ধরা মিষ্টি, আবার কোথাও নিম্নমানের মশলা ও নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মিলেছে।
