ওয়েব ডেস্ক : দুর্গাপুজোয় কলকাতার (Kolkata) যাতায়াত ব্যবস্থায় অন্যতম ভরসা হয়ে উঠেছিল মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত যাত্রীসংখ্যার পরিসংখ্যানেই তার প্রমাণ মিলেছে। গত বছরের তুলনায় এ বছর পুজোর ছ’দিনে কলকাতা মেট্রোয় (kolkata Metro) যাত্রী বেড়েছে প্রায় ৩২ শতাংশ। একই সময়ে পার্পল লাইনের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ২৯৭ কোটি টাকার দরপত্র ঘিরে নতুন করে নজর পড়েছে মেট্রো সম্প্রসারণের কাজে।
জানা গিয়েছে, গত বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রোয় যাতায়াত করেছিলেন প্রায় ৪৬.৫৬ লক্ষ মানুষ। এ বছর সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৬১.৫১ লক্ষ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে যাত্রীসংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ষষ্ঠীর দিনেই মেট্রোয় যাতায়াত করেন আনুমানিক ১২.০১ লক্ষ যাত্রী। স্টেশনগুলির মধ্যে সবচেয়ে বেশি যাত্রী উঠেছেন দমদম থেকে। এর পরেই রয়েছে কালীঘাট ও শিয়ালদা।
আরও খবর : দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক! শৌচালয়ে মিলল হুমকির চিরকুট
পুজোর ভিড় সামলানোর পাশাপাশি মেট্রো পরিকাঠামো সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কলকাতা মেট্রোর পার্পল লাইনের জন্য প্রায় ২৯৭ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। রেল বিকাশ নিগম লিমিটেডের উদ্যোগে এই প্রকল্পে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা, ট্র্যাকশন সাবস্টেশন এবং ৭৫০ ভোল্ট ডিসি থার্ড রেল ব্যবস্থা বসানোর কাজ হবে। কোন সংস্থা এই কাজের দায়িত্ব পায়, তা এখনও দেখার বিষয়।পার্পল লাইনের সম্পূর্ণ পরিষেবা চালু হলে জোকা, মোমিনপুর ও ধর্মতলার মধ্যে যাতায়াত আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
