ওয়েব ডেস্ক : কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের (Kolkata Chorbagan Durga Puja Stampede) ঘটনায় প্রাণ হারালেন পানিহাটির অশ্বিনী দত্ত রোডের আবাসনের বাসিন্দা কল্পনা জানা। গতকাল ছেলেকে সঙ্গে নিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু চোরবাগান পুজো মণ্ডপের দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তাঁর ছেলে।
কল্পনার মৃত্যুসংবাদ পানিহাটির আবাসনে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের অভিযোগ, পুজো মণ্ডপ কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, দুর্ঘটনার জন্য উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়া চোরবাগান বিপর্যয়ে নিহতদের মধ্যে রয়েছেন ঘোলা থানা এলাকার উত্তর যোগেন্দ্রনগরের ২১ বছরের তরুণী প্রিয়া সমাদ্দার, নিউটাউনের দুই বান্ধবী তানিয়া বিশ্বাস ও সোনালি হালদার এবং আগরপাড়ার বাসিন্দা ১৩ বছরের কিশোর প্রাঞ্জল সরকার। পুজোর আনন্দে ঠাকুর দেখতে বেরিয়ে এমন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না মৃতদের পরিবার ও প্রতিবেশীরা।
আরও খবর : চোরবাগানকাণ্ডের জের, সাময়িকভাবে বন্ধ কলকাতার একাধিক পুজো মণ্ডপ!
মৃতার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাবেন বলে জানিয়েছেন পানিহাটি বিধানসভার বিধায়ক রত্না দেবনাথ। তাঁরও অভিযোগ, এই ঘটনায় পুজো মণ্ডপ কর্তৃপক্ষ ও পুলিশের গাফিলতি আছে।
অন্যদিকে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিহারের বাসিন্দা সাত বছরের আয়ংশ কুমার শ্রীবাস্তবের। তার সঙ্গে ছিলেন ৩৮ বছরের অভিষেক শ্রীবাস্তব। তাঁদের দু’জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একের পর এক মৃত্যুর খবরে শোকস্তব্ধ মৃতদের পরিবার।
