ওয়েব ডেস্ক : কালীপুজোয় (Kalipuja) ফানুস ওড়ানোর আগে সতর্ক হওয়ার বার্তা দিল রাজ্য পুলিশ। কালীপুজোকে সামনে রেখে ফানুস ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলার কথা জানালেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তা। তাঁর বক্তব্য, অনুমতি বা লাইসেন্স ছাড়া এগুলি ওড়ানোর ঘটনায় অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে তাই এসব ব্যবহারে নিয়ম মানতে হবে।
কালীপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে সম্প্রতি বৈঠকে বসে পুলিশ ও প্রশাসন। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে উৎসবের সময় নিরাপত্তা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরা হয়। নবান্নের সভাঘর থেকে স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ পরিবেশবান্ধব বাজি ব্যবহারের আবেদন জানান। স্বরাষ্ট্রসচিব স্পষ্ট জানিয়েছেন, হাসপাতাল, স্কুল, কলেজ এবং বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি ফাটানো যাবে না। এই এলাকাগুলিকে নীরব এলাকা হিসেবে বিবেচনা করে শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। উৎসবের সময় এই বিধি কার্যকর রাখতে প্রশাসন নজরদারি চালাবে।
আরও খবর : অর্ণবের প্রভাবেই দুর্যোগের ভ্রুকুটি বাংলায়! আজও ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়
কালীপুজোর আগে বাজি বিক্রির উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি নিষিদ্ধ বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর কথাও জানানো হয়েছে। উৎসবের দিনগুলিতে পুলিশি টহলদারি চলবে। বাজি নিয়ে কোনও অভিযোগ থাকলে সাধারণ মানুষ যাতে প্রশাসনকে জানাতে পারেন, তার জন্য কন্ট্রোল রুম চালুর কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।
প্রশাসনের মতে, শুধু পুলিশের কড়াকড়ি দিয়ে উৎসবের সময় দুর্ঘটনা বা শব্দদূষণ পুরোপুরি আটকানো সম্ভব নয়। সাধারণ মানুষের দায়িত্বশীল আচরণও সমান গুরুত্বপূর্ণ। সেই বার্তা দিতে গিয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, “নিজের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়।” নিরাপদে উৎসব পালন এবং অন্যের অসুবিধা এড়ানোর জন্য সকলকে সচেতন থাকার আবেদন জানানো হয়েছে।
