সুন্দরবনে ডেঙ্গুর বাড়বাড়ন্ত, কাকদ্বীপে এক মাসে আক্রান্ত প্রায় দ্বিগুণ

Must Read

ওয়েব ডেস্ক : সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় বাড়ছে ডেঙ্গুর (Dengue) সংক্রমণ। বিশেষ করে কাকদ্বীপে (Kakdwip) পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক মাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে। অক্টোবর মাসে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬০-এ। সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৩৫।

পরিসংখ্যান বলছে, জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন মাত্র ৪ জন। আগস্টে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১৪। সেপ্টেম্বরে তা পৌঁছয় ৩৫-এ। অক্টোবর মাসে একলাফে আক্রান্তের সংখ্যা হয় ৬০। অর্থাৎ এক মাসের ব্যবধানে সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে। এই পরিসংখ্যান ঘিরেই বাড়ছে উদ্বেগ।

আরও খবর :  মন্দিরের ভিতরে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে বসে স্বামী! গঙ্গারামপুরের ঘটনায় শিউরে উঠছে গোটা এলাকা

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল চত্বরে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থাও স্থিতিশীল। তবে গ্রামীণ এলাকাগুলিতে সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে। বিশেষ করে কাকদ্বীপের নারায়ণপুর পঞ্চায়েত এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি নিকাশি নালা সংস্কার করা হয়নি। ফলে জমা জলে মশার বংশবিস্তার বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।

পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যকর্মী ও পঞ্চায়েত প্রতিনিধিরা সচেতনতা প্রচারে নেমেছেন। বিভিন্ন এলাকায় চলছে প্রচার। জমা জল পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রুখতে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। চিকিৎসকদের আশা, শীতের প্রভাব বাড়লে মশার উপদ্রব কমতে পারে। তবে তার আগে সংক্রমণ নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সুন্দরবনের উপকূলবাসীর।

Latest News

জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের চেকপোস্টে জঙ্গি হামলা! আহত দুই জওয়ান

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে সিআরপিএফের (CRPF) চেকপোস্ট লক্ষ্য করে হামলা। বুধবার দুপুরে আচমকা গুলিবর্ষণের ঘটনায়...

More Articles Like This