ওয়েব ডেস্ক : উত্তরাখণ্ডের (Uttarakhand) জোশীমঠের কাছে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার তদন্তে নামল উড়ান দুর্ঘটনা তদন্ত সংস্থা (AAIB)। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আলাদা করে তদন্তকারী দল পাঠিয়েছেন অসামরিক বিমান পরিবহণ সংস্থার ডিরেক্টর জেনারেল বা ডিজিসিএ। দেহরাদুনে পৌঁছে ওই দল প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেবে। দুর্ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ট্রান্স ভারত অ্যাভিয়েশনের সমস্ত হেলিকপ্টারের উড়ান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। উদ্ধারকাজ সম্পূর্ণ হওয়ার পর ট্রেকিং রুট ব্যবহার করে নিহতদের দেহ দুর্ঘটনাস্থল থেকে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। সেখান থেকে দেহগুলি দেহরাদুনে পাঠানো হবে।
আরও খবর : বক্সার বাঘিনীকে ফেরাতে অসমে বনমন্ত্রী, রাইমোনায় বন আধিকারিকদের সঙ্গে বৈঠক
দেহরাদুনে নিহতদের দেহের ময়নাতদন্ত করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেওয়া হবে। দুর্ঘটনার তদন্তের পাশাপাশি নিহতদের দেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করছে প্রশাসন।
উল্লেখ্য, বদ্রীনাথ দর্শন সেরে ফেরার পথে জোশীমঠের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় পাইলট-সহ ছয় জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাইলট ক্যাপ্টেন হিমাংশু সভরওয়াল এবং কর্নাটকের পাঁচ যাত্রী রয়েছেন।
