ওয়েব ডেস্ক : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা JNU-তে এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেলেন ১০ জন পড়ুয়া। অভিযোগগুলি নিয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তদন্ত শুরু করেছে। প্রায় এক মাস আগে অভিযোগগুলি জমা পড়েছিল বলে সূত্রের খবর।
অভিযোগকারী পড়ুয়াদের দাবি, ক্যাম্পাসে থাকা ওই অধ্যাপক বিভিন্ন সময় তাঁদের নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতেন। সেখানে তাঁদের সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ ও অনভিপ্রেত প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি অভিযোগে ক্লাসের মধ্যেও অধ্যাপকের অশালীন বা আপত্তিকর মন্তব্যের কথা বলা হয়েছে।
আরও খবর : লাদাখ নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের, দাবি না মানলে বড় আন্দোলনের বার্তা
এক পড়ুয়ার কাছ থেকে সাম্প্রতিক অভিযোগ পাওয়ার পর আরও কয়েকজন সিনিয়র পড়ুয়া একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে সামনে আসেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। তবে তদন্ত চলায়বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির তরফে অভিযোগগুলি নিয়ে বিস্তারিত মন্তব্য করা হয়নি।
JNU-এর উপাচার্য শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত জানিয়েছেন, যৌন হেনস্থার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটিই খতিয়ে দেখে এবং উপাচার্য ওই কমিটির সদস্য নন। অন্যদিকে, অভিযুক্ত অধ্যাপক দাবি করেছেন, তিনি কোনও অভিযোগের বিষয়ে অবগত নন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি মিথ্যা।
