জাফর পানাহির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কারাদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ইরানে

Must Read

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে একাধিক সম্মান অর্জন করেছেন তিনি। তবুও ফের আইনি পদক্ষেপের মুখে ইরানের খ্যাতনামা পরিচালক জাফর পানাহি (Jafar Panahi)। তেহরানের বিপ্লবী আদালত তাঁকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই বছর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা এবং বিদেশযাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পানাহির আইনজীবী মোস্তফা নিলি সংবাদমাধ্যম এমতেদাদকে এই রায়ের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, তেহরানের বিপ্লবী আদালতের ২৬ নম্বর শাখা অভিযুক্তের অনুপস্থিতিতেই এই সাজা ঘোষণা করেছে। এমনকী, শুনানির জন্য কোনও দিনও নির্ধারণ করা হয়নি বলে দাবি করেছেন আইনজীবী। আইনজীবী জানিয়েছেন, গত সপ্তাহে পানাহির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে। এরপর সংস্কৃতি ও সংবাদমাধ্যম সংক্রান্ত সরকারি কৌঁসুলির দফতরের সাজা কার্যকর করার শাখায় যোগাযোগ করেন তাঁরা। সেখানেই পরিচালকের বিরুদ্ধে নতুন সাজা ঘোষণার বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন নিলি।

আরও খবর :  ফের ভূমিকম্প তিব্বতে, কাঁপল চীন ও আফগানিস্তানও

এর আগে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পাশাপাশি দুই বছরের বিদেশযাত্রার নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনে যোগদানের উপরেও দুই বছরের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সরকারের বিরুদ্ধে অনুমতি ছাড়া চলচ্চিত্র নির্মাণ, রাজনৈতিক বন্দিদের সমর্থন, বিক্ষোভে সমর্থন এবং ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের পাশে দাঁড়ানোর অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল।

উল্লেখ্য, জাফর পানাহি পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে প্রশংসা পেয়েছে। কান চলচ্চিত্র উৎসবে পাম দ’অর জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর। ২০২৬ সালের মার্চের শেষ দিকে ছবিটির অস্কার প্রচারপর্বের পর স্থলসীমান্ত দিয়ে ইরানে ফিরেছিলেন তিনি। ভেনিসে গোল্ডেন লায়ন, বার্লিনে গোল্ডেন বিয়ার এবং লোকার্নো চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লেপার্ড-সহ ইউরোপের একাধিক বড় চলচ্চিত্র উৎসবে সম্মান পেয়েছেন পানাহি। কান চলচ্চিত্র উৎসবে পাম দ’অর ও ক্যামেরা দ’রও জিতেছেন তিনি।

ইরানে পানাহির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের প্রসঙ্গ আগে মার্কিন বিদেশ দফতরের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদনেও উঠে এসেছে। চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের উপর কঠোর নিয়ন্ত্রণ, সেন্সরশিপ এবং সমালোচনামূলক কাজের জন্য পরিচালকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপকে শিল্পীস্বাধীনতার উপর বিধিনিষেধের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে মার্কিন প্রশাসন।

Latest News

ইজরায়েলে সরকার গঠনের ডাক পেলেন প্রাক্তন সেনা প্রধান আইজেনকোট

ওয়েব ডেস্ক : ইজরায়েলের (Israel) পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেলেন প্রাক্তন সেনাপ্রধান তথা বিরোধী নেতা গাদি আইজেনকোট। বর্তমান প্রধানমন্ত্রী...

More Articles Like This