৪০ হাজার কোটি টাকার যুদ্ধজাহাজ তৈরির বরাত! ভারতীয় নৌবাহিনীর ৮টি অত্যাধুনিক করভেট তৈরি হবে কলকাতায়ও

Must Read

ওয়েব ডেস্ক : ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) শক্তি বাড়াতে ৪০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের মেগা প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র। তৈরি হবে আটটি অত্যাধুনিক নেক্সট জেনারেশন করভেট বা যুদ্ধজাহাজ। এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই আটটি যুদ্ধজাহাজ নির্মাণ করবে রাষ্ট্রায়ত্ত দুই সংস্থা।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) প্রকল্পটিতে ছাড়পত্র দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই দুই শিপইয়ার্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা ক্ষেত্রে এত বড় প্রকল্পে সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কী বিশেষত্ব এই যুদ্ধজাহাজগুলির?

প্রতিটি করভেটের ওজন হবে প্রায় ২ হাজার টন। ঘণ্টায় প্রায় ৩০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম হবে এই যুদ্ধজাহাজগুলি। ভারতীয় নৌবাহিনীর নিজস্ব পরিকল্পনায় তৈরি হবে সম্পূর্ণ নতুন স্টেলথ নকশা। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি থাকবে উন্নত অস্ত্র ও নজরদারি ব্যবস্থা। সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শত্রুপক্ষের যুদ্ধজাহাজ মোকাবিলা, ডুবোজাহাজ শনাক্ত ও প্রতিরোধ এবং আকাশপথ থেকে আসা হামলা ঠেকানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে এই করভেটগুলি। উন্নত প্রযুক্তি, দ্রুত গতিতে চলার ক্ষমতা এবং সহজে শত্রুর নজরে না পড়ার বিশেষ বৈশিষ্ট্য নৌবাহিনীর কার্যক্ষমতা বাড়াবে বলে আশা।

আরও খবর :  প্রকাশ্যে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি! লখনউয়ে খুন হলেন তিন জন

৭০ শতাংশের বেশি দেশীয় প্রযুক্তি

প্রকল্পে ৭০ শতাংশেরও বেশি দেশীয় উপাদান ব্যবহারের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রের আত্মনির্ভর ভারত উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজগুলি তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও সমুদ্রপথের সুরক্ষায় সরকারের সাগর ভাবনাকেও শক্তিশালী করবে এই প্রকল্প। ৪০ হাজার কোটি টাকারও বেশি বরাত কলকাতার জিআরএসই এবং গোয়া শিপইয়ার্ডের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর ফলে দুই সংস্থার দীর্ঘমেয়াদি কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

প্রথম যুদ্ধজাহাজ তৈরির লক্ষ্য ২০৩০

পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে প্রথম করভেটের নির্মাণকাজ শুরু হওয়ার কথা। ২০৩০ সালের মধ্যে প্রথম যুদ্ধজাহাজটি নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামুদ্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং চিীনের উপস্থিতি বাড়তে থাকায় নৌবাহিনীর আধুনিকীকরণে জোর দিচ্ছে কেন্দ্র। নীলগিরি শ্রেণির ফ্রিগেট, নেক্সট জেনারেশন ডেস্ট্রয়ার এবং ফ্লিট সাপোর্ট শিপ তৈরির পাশাপাশি নতুন এই আটটি করভেট নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This