১২ বছরে ভারতে চরম দারিদ্র্য কমে ২.৬ শতাংশ! দারিদ্র্যসীমার বাইরে ৪৯.৬ কোটি মানুষ, জানাল বিশ্বব্যাঙ্ক

Must Read

ওয়েব ডেস্ক : গত ১২ বছরে ভারতে (India) চরম দারিদ্র্যের (Poverty) হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১১ সালে দেশের ২৭.১ শতাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করতেন। ২০২৩ সালে সেই হার নেমে এসেছে ২.৬ শতাংশে। অর্থাৎ এই সময়ের মধ্যে আনুমানিক ৪৯ কোটি ৬০ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। বিশ্বব্যাঙ্কের ( World Bank) ২০২৬ সালের অক্টোবরের ‘পভার্টি অ্যান্ড ইক্যুইটি ব্রিফ’-এ উঠে এসেছে এই তথ্য।

শুধু চরম দারিদ্র্য নয়, নিম্ন-মধ্যম আয়ের দেশের জন্য নির্ধারিত দৈনিক ৪.২০ ডলারের দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যাও কমেছে। ২০২১ সালের ক্রয়ক্ষমতার সমতা বা পিপিপি অনুযায়ী, ২০১১ সালে এই হার ছিল ৫৭.৭ শতাংশ। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ১৬.১ শতাংশে। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের দ্রুততম দারিদ্র্য হ্রাসের ঘটনাগুলির মধ্যে ভারতের এই অগ্রগতি অন্যতম। আর্থিক দারিদ্র্যের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মতো একাধিক সূচকেও উন্নতি হয়েছে।

দারিদ্র্য কমার পিছনে কোন কারণ?

রিপোর্ট অনুযায়ী, মানুষের ভোগব্যয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ বাড়া এবং সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সম্প্রসারণ দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিশেষ করে মহিলাদের কর্মসংস্থানে অংশগ্রহণ বৃদ্ধি এবং খাদ্য ভর্তুকির মতো সরকারি সহায়তা এই অগ্রগতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী, ২০০৫-০৬ সালে ভারতে দারিদ্র্যের হার ছিল ৫৩.৮ শতাংশ। ২০১৯-২১ সালে তা কমে হয়েছে ১৬.৪ শতাংশ। বিশ্বব্যাঙ্কের নিজস্ব বহুমাত্রিক দারিদ্র্য পরিমাপেও ২০২২-২৩ সালে এই হার ছিল ১৫.৫ শতাংশ।

আরও খবর :  জোড়াফুল প্রতীক কার? পিছোল তৃণমূলের দুই শিবিরের শুনানি

তবে দারিদ্র্য কমলেও আঞ্চলিক বৈষম্য এবং কর্মসংস্থানের সমস্যা এখনও বড় চ্যালেঞ্জ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশের মোট দরিদ্র জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি ভৌগোলিক অঞ্চলে বসবাস করেন। ফলে এই রাজ্যগুলিতে উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে কর্মরত মানুষের সংখ্যা প্রায় ১৩ কোটি ৪০ লক্ষ বেড়েছে। এই বৃদ্ধির বড় অংশ এসেছে গ্রামীণ মহিলাদের বেতনভিত্তিক কাজে যুক্ত হওয়ার ফলে। তবে কর্মসংস্থান বাড়লেও তার বড় অংশ তুলনামূলক কম উৎপাদনশীল ক্ষেত্রেই সীমাবদ্ধ রয়েছে।

যুব বেকারত্ব ও আয় নিয়ে উদ্বেগ

রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে যুব বেকারত্বের হার বেড়ে ১৫.৯ শতাংশ হয়েছে। আগের অর্থবর্ষের একই সময়ে এই হার ছিল ১৪.৬ শতাংশ। বিশেষ করে গ্রামীণ তরুণীদের মধ্যে বেকারত্ব বৃদ্ধির প্রবণতা উদ্বেগজনক। পাশাপাশি মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৃত আয়েও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি।

বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী, দৈনিক ৪.২০ ডলারের দারিদ্র্যসীমা ধরে ২০২৬ সালে দারিদ্র্যের হার ১৪.২ শতাংশ থেকে ২০২৮ সালে ১২.১ শতাংশে নামতে পারে। তবে এই হিসাব প্রাথমিক অনুমানের উপর ভিত্তি করে তৈরি। নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক তথ্য সামনে এলে তা পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করেছে বিশ্বব্যাঙ্ক।

Latest News

বাড়ছে মাদার ডেয়ারির দুধের দাম, লিটারপ্রতি কত খরচ বাড়বে?

ওয়েব ডেস্ক : দুধ (Milk) কিনতে গিয়ে এবার বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদের। এক ধাক্কায় লিটারপ্রতি ২ থেকে ৪...

More Articles Like This