ওয়েব ডেস্ক : শত্রুপক্ষের মোকাবিলায় সামরিক শক্তি আরও বাড়ানোর প্রস্তুতি ভারতের। সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক হেলিকপ্টার, ড্রোন, কামান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তাবে মিলল বড়সড় ছাড়পত্র। প্রায় ২.১২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ। এর ফলে স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনার যুদ্ধের প্রস্তুতি এবং নজরদারি ক্ষমতা আরও শক্তিশালী করার পথ খুলতে পারে।
প্রস্তাবিত সরঞ্জামের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, হালকা বহুমুখী হেলিকপ্টার, স্বয়ংচালিত কামান এবং স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুপক্ষের ড্রোনের মোকাবিলা করার জন্য বিশেষ প্রযুক্তি কেনার প্রস্তাবও রয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই নজরদারি থেকে শুরু করে আক্রমণ এবং শত্রুর গতিবিধি চিহ্নিত করার ক্ষেত্রে এই সরঞ্জামগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
আরও খবর : তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে মামলা, ঋতব্রত গোষ্ঠীকে ১০ দিন সময় দিল সুপ্রিম কোর্ট
নৌসেনা ও বায়ুসেনার জন্যও একাধিক আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলার ব্যবস্থা, হেলিকপ্টার এবং উন্নত রাডার ব্যবস্থার মতো সরঞ্জামও রয়েছে এই পরিকল্পনায়। লক্ষ্য, বিভিন্ন বাহিনীর কার্যক্ষমতা বাড়ানো এবং সম্ভাব্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করা।
প্রস্তাবিত কেনাকাটার বড় অংশ দেশীয় শিল্পক্ষেত্র থেকে করার পরিকল্পনা রয়েছে। এতে দেশের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রও উৎসাহ পেতে পারে। তবে মনে রাখতে হবে, এই অনুমোদন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবের প্রাথমিক ছাড়পত্র। চূড়ান্ত ক্রয়প্রক্রিয়া ও চুক্তি সম্পন্ন হতে পরবর্তী পদক্ষেপ প্রয়োজন।
