এবার রাষ্ট্রপতির দরবারে বিরোধীরা, জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে চিঠি

Must Read

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনকে এবার আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিল ইন্ডিয়া জোট (INDIA Bloc)। মঙ্গলবার নির্বাচন সদন অভিযানের পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধী শিবির। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে নিজেদের অভিযোগ তুলে ধরতে চান বিরোধী দলের নেতারা। সেই উদ্দেশ্যে রাষ্ট্রপতির সময় চেয়ে চিঠি দিলেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা।।

৭ থেকে ৯ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের সংসদীয় নেতারা এই সাক্ষাৎ চাইছেন বলে খবর। লোকসভা ও রাজ্যসভার সমস্ত বিরোধী দলের নেতাদের নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।

আরও খবর :  জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে ইন্ডিয়া জোট, আটক রাহুল-প্রিয়ঙ্কা-বেনুগোপাল, উত্তাল দিল্লি

এই কর্মসূচির রূপরেখা অবশ্য আগেই তৈরি হয়েছিল। ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের (INDIA Bloc) বৈঠকের পর জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ধারাবাহিক আন্দোলনের কথা ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার সেই পরিকল্পনার প্রথম বড় কর্মসূচি হিসেবে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করেন বিরোধী সাংসদরা। রাহুল গান্ধীর সঙ্গে অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলে-সহ একাধিক বিরোধী নেতা মিছিলে অংশ নেন। যদিও আম আদমি পার্টি এবং ডিএমকের কোনও প্রতিনিধি এই কর্মসূচিতে ছিলেন না।

নির্বাচন সদনের কাছে বিরোধী সাংসদদের আটকে দেয় দিল্লি পুলিশ (Police)। এরপর কমিশনের উল্টো দিকে আকাশবাণী ভবনের সামনে অবস্থানে বসেন তাঁরা। এই পরিস্থিতির মধ্যেই আন্দোলনকে এবার সংসদ চত্বরের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ইন্ডিয়া জোট। ভোটার তালিকা ও ‘ভোটচুরি’ সংক্রান্ত অভিযোগকে সামনে রেখে দেশের পাঁচটি বড় শহরে জনসভা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Latest News

পদার্থবিদ্যায় ২০২৬ নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

ওয়েব ডেস্ক : মহাকাশ থেকে আসা রহস্যময় নিউট্রিনো কণার সন্ধানে যুগান্তকারী কাজের স্বীকৃতি পেলেন বেলজিয়ামের পদার্থবিদ ফ্রান্সিস হালজেন (Francis...

More Articles Like This