ওয়েব ডেস্ক : গঙ্গাসাগর মেলাকে (Gangasagar mela) ঘিরে এবার আরও বড় আয়োজনের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের সম্ভাব্য রেকর্ড ভিড় সামলাতে মেলাপ্রাঙ্গণের আয়তন বাড়িয়ে ১৮ লক্ষ বর্গফুট করা হচ্ছে। গতবারের তুলনায় প্রায় ৬ লক্ষ বর্গফুট বাড়ছে মেলার পরিসর। এতদিন প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকায় মেলার আয়োজন করা হত। নতুন পরিকল্পনায় ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি পুণ্যার্থীদের যাতায়াত ও রাত্রিবাসের ব্যবস্থাতেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও খবর : অর্ণবের প্রভাবেই দুর্যোগের ভ্রুকুটি বাংলায়! আজও ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়
গঙ্গাসাগরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যেও কাজ এগোচ্ছে। মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানানো হয়েছে। গঙ্গাসাগর মেলাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ হিসেবে গড়ে তুলতে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য প্রশাসন।
গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবিও নতুন করে সামনে এনেছে রাজ্য সরকার। গঙ্গাসাগরকে রেল ও সড়ক যোগাযোগের আওতায় আনার বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আগেই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। চলতি বছরেই জাতীয় স্বীকৃতি মিলবে বলে আশাবাদী রাজ্য সরকার।
