নয়াদিল্লি: মানুষের খাবারের গুণমান ও নিরাপত্তা নিয়ে গুরুতর অভিযোগ। বিস্কুটে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত ভুসি, দুধে ডিটারজেন্ট ও কস্টিক সোডা এবং কিশমিশে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার অভিযোগে তিনটি সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। সংস্থাটির দাবি, পরিদর্শন ও পরীক্ষাগারের রিপোর্টে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত একাধিক অনিয়ম সামনে এসেছে।
এফএসএসএআইয়ের অভিযোগ, প্রিয়াগোল্ড বিস্কুটের নির্মাতা সংস্থা সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রো বিস্কুটে ফাইবারের উৎস হিসেবে গবাদি পশুর খাদ্যের ভুসি ব্যবহার করছিল। কারখানা পরিদর্শনের সময় এমন বস্তা পাওয়া যায়, যাতে স্পষ্ট ভাবে ‘গবাদি পশুর খাদ্য’ লেখা ছিল। পাশাপাশি কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ত্রুটি এবং কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন তুলেছে নিয়ামক সংস্থা।
অভিযোগের ভিত্তিতে সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়েরের পদক্ষেপ করা হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রোর খাদ্য লাইসেন্স বাতিল বা স্থগিত করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্য দিকে, দোদলা ডেয়ারির ফুল ক্রিম দুধের নমুনায় ক্ষতিকারক ডিটারজেন্ট বা কস্টিক সোডার উপস্থিতি মিলেছে বলে দাবি এফএসএসএআইয়ের। পরীক্ষায় দুধে ফ্যাটের পরিমাণও নির্ধারিত মানের তুলনায় কম পাওয়া গিয়েছে। সেই কারণে নমুনাটিকে ‘অসুরক্ষিত ও নিম্নমানের’ বলে ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
তৃতীয় সংস্থা ইউইআইআর অর্গানিক ফুডসের বিক্রি করা হলুদ কিশমিশের নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার অভিযোগ উঠেছে।
এ ছাড়াও নর্পধাম ফুডস, সান রিজেস হেলথ কেয়ার্স এবং শা কান্তিলাল জয়ন্তিলাল নামে আরও তিনটি প্রতিষ্ঠানকে বিধি লঙ্ঘনের অভিযোগে আইনি নোটিস পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
খাদ্য নিরাপত্তা আইন, ২০০৬-এর অধীনে অভিযুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে ফৌজদারি আইনি পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলির বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
