ফের হিংসার আগুন মণিপুরে, নোনে জেলায় গুলির লড়াইয়ে নিহত তিন যুবক

Must Read

ওয়েব ডেস্ক : মণিপুরে (Manipur) ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। শনিবার নোনে জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন তিন কুকি সম্প্রদায়ের যুবক। তিনজনই চূড়াচাঁদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। কুকি সংগঠন ‘কুকি ইনপি মণিপুর’-এর দাবি, নিহতরা গ্রামরক্ষী স্বেচ্ছাসেবক ছিলেন। এই ঘটনার পর রাজ্যে নাগা ও কুকি গোষ্ঠীর মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮।

এই উত্তেজনার মধ্যেই তাপৌ কুকি গ্রামের নিখোঁজ দুই সাধারণ নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ। বুধবার থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে, কাংপোকপি জেলার কুকি-জো সম্প্রদায়ের মানুষ তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভেও অংশ নিয়েছিলেন। তিন গ্রামরক্ষীর মৃত্যুর ঘটনায় রাজ্য প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে কুকি ইনপি মণিপুর। তাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী কুকি-জো সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার ফলেই এই হত্যাকাণ্ড।

আরও খবর :  বেসরকারি সংস্থাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে রাজস্থানের প্রাক্তন আমলা

এদিকে, ইম্ফলে মেইতেই সংগঠনগুলির উদ্যোগে কয়েক হাজার মানুষ মিছিল করেন। কুকি-জো সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাক্ষরিত ‘সাসপেনশন অব অপারেশনস’ বা অভিযান স্থগিত রাখার চুক্তি বাতিলের দাবি ওঠে সেই মিছিল থেকে। নাগা নাগরিক সংগঠনগুলিও কয়েকটি পাহাড়ি জেলায় একই দাবিতে কর্মসূচি পালন করে। ২০০৮ সালে কেন্দ্র, মণিপুর সরকার এবং কুকি জঙ্গি সংগঠনগুলির দুই জোটের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তা পুনর্নবীকরণ করা হয়। চুক্তি অনুযায়ী, নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলি একে অপরের বিরুদ্ধে অভিযান চালাতে পারবে না। নির্দিষ্ট শিবিরে থাকার পাশাপাশি আইন মেনে চলার শর্তও রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি-জো-হমার সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই অশান্ত মণিপুর। রাজ্য বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪৯ জন এখনও নিখোঁজ। প্রায় ৬০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৬ হাজার জনকে পুনর্বাসন দেওয়া সম্ভব হলেও প্রায় ২৪ হাজার মানুষ এখনও ত্রাণশিবিরে রয়েছেন। এর মধ্যেই নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This