ওয়েব ডেস্ক : মাঝআকাশে ভয়াবহ পরিস্থিতির মুখেও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর (Smit Machchhar)। সেই অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির প্রথম শ্রেণির ‘অর্ডার অফ জায়েদ দ্বিতীয়’ (UAE Zayed II Honour) সম্মানে ভূষিত করা হয়েছে। ২৭ অক্টোবর দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম এই সম্মান তুলে দেন স্মিত এবং ফ্লাইদুবাইয়ের অন্য কর্মীদের হাতে। তবে এই সম্মান পাওয়া প্রথম ভারতীয় তিনি নন। এর আগে দুই ভারতীয় কূটনীতিকও এই পুরস্কার পেয়েছেন।
২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের রাষ্ট্রদূত থাকাকালীন নাভদীপ সিং সুরি এই সম্মান পান। ভারত ও আমিরশাহির দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে তাঁর অবদানের স্বীকৃতিতেই এই পুরস্কার দেওয়া হয়েছিল। পরে ২০২৫ সালে একই সম্মান পান ভারতের আর এক প্রাক্তন রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে তাঁর ভূমিকার জন্য তাঁকে সম্মানিত করা হয়।
আরও খবর : স্পেনে মুখোমুখি সংঘর্ষ দুই দ্রুতগতির ট্রেনের, মৃত অন্তত ৩৯! আহত বহু, ব্যাহত রেল পরিষেবা
‘অর্ডার অফ জ়ায়েদ দ্বিতীয়’ সংযুক্ত আরব আমিরশাহির একটি গুরুত্বপূর্ণ অসামরিক সম্মান। বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ আধিকারিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। আমিরশাহির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতানের নামে এই সম্মান। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ২০১৯ সালের অগস্টে আমিরশাহির সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ পেয়েছিলেন।
৩০ সেপ্টেম্বর দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটের ভিতরে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, সহ-পাইলট ককপিটের কুঠার দিয়ে স্মিতের উপর হামলা করেন। সেই সময় বিমানটি মাত্র ৩০ সেকেন্ডে প্রায় ১৪ হাজার ফুট নীচে নেমে যায়। গুরুতর আহত অবস্থাতেও পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হন স্মিত। পরে ককপিটের দরজা খুলে দিলে অন্যরা হামলাকারী সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। শেষ পর্যন্ত পশ্চিম সৌদি আরবে নিরাপদে অবতরণ করে বিমানটি।
