ওয়েব ডেস্ক : আমেরিকার (America) ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গুলিচালনার ঘটনায় আহত হলেন অন্তত ১২ জন। তাঁদের মধ্যে ছয়জন শিশু। শনিবার রাতে টালাহাসিতে ফ্লোরিডা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের হোমকামিং অনুষ্ঠান ঘিরে জমায়েতের মধ্যেই এই ঘটনা ঘটে বলে খবর। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর একটি জনবহুল এলাকায় কয়েকজনের মধ্যে বচসা থেকে সংঘর্ষের সূত্রপাত। তার পরেই গুলি চলে। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষ, কারা গুলি চালিয়েছে এবং ঘটনায় কতজন জড়িত, তা এখনও স্পষ্ট নয়। হামলার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও খবর : প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি, শক্তিশালী এল নিনো নিয়ে বাড়ছে উদ্বেগ
ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গুলিচালনার ঘটনাটি ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় ঘটেছে। বিশ্ববিদ্যালয় চত্বর নিরাপদ রয়েছে বলেও জানানো হয়েছে। হোমকামিং উপলক্ষে এলাকায় বহু মানুষের জমায়েত হয়েছিল। সেই সময় গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসবের আবহে শিশু-সহ একাধিক মানুষের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আমেরিকায় বন্দুকহিংসা নিয়ে।
