ওয়েব ডেস্ক : কাশ্মীর নিয়ে ফারুক আবদুল্লার (Farooq Abdullah) মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। জম্মু ও কাশ্মীরের (Jamu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধানের বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের একাধিক নেতার অভিযোগ, ফারুকের মন্তব্য পাকিস্তানের অবস্থানকে সমর্থন করছে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়েরের দাবিও উঠেছে বিজেপির একাংশের তরফে।
বারামুল্লায় দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ফারুক আবদুল্লা বলেন, আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরিদের সমস্যা তুলে ধরছে প্রতিবেশী পাকিস্তান। তাঁর দাবি, পাকিস্তান বিভিন্ন জায়গায় কাশ্মীরের বিষয়টি উত্থাপন করছে বলেই উপত্যকার মানুষের পরিচিতি ও সমস্যার কথা বিশ্বজুড়ে আলোচনায় আসছে। একই সঙ্গে ভারত সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
আররও খবর : ছাত্র সংসদের দাবিতে উত্তাল জামিয়া
বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন বিজেপি সভাপতি রবীন্দর রায়না ফারুকের বক্তব্যকে অত্যন্ত নিন্দনীয় বলে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, যে দেশ থেকে উপত্যকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে, সেই পাকিস্তানকে কাশ্মীরিদের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরা যায় না। ফারুকের মন্তব্য দেশদ্রোহের আওতায় পড়তে পারে বলেও দাবি করেন তিনি।
বিজেপির জাতীয় মুখপাত্র আর পি সিংও ফারুককে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে আরও সম্পূর্ণভাবে যুক্ত হয়েছে এবং পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নতি হয়েছে। বিজেপির আরও কয়েকজন নেতা ফারুকের মন্তব্যকে পাকিস্তানের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে সমালোচনা করেছেন।
