ওয়েব ডেস্ক : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সঙ্কট এবং সরকারি নীতির বিরুদ্ধে ক্ষোভে উত্তাল ইউরোপের একাধিক দেশ। ফ্রান্স (France), আলবেনিয়া (Albenia), ইতালি (Italy), স্পেন (Spain) ও পর্তুগালের (Portugal) বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও প্রতিবাদী শিবির উচ্ছেদ—বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে একাধিক দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ফ্রান্সে ব্যাপক ধরপাকড়
ফ্রান্সে (France) শনিবারের বিক্ষোভ ঘিরে প্রায় ১ হাজার জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের দাবি, কালো পোশাক পরা কিছু উগ্রপন্থী বিক্ষোভকারী পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়েছেন এবং আতশবাজি ব্যবহার করে সংঘর্ষ বাধানোর চেষ্টা করেছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রকের হিসাব অনুযায়ী, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন প্রায় ৪ লক্ষ ১০ হাজার মানুষ। এর মধ্যে প্যারিসে জমায়েত হয়েছিল প্রায় ১ লক্ষ ১০ হাজার মানুষের। অন্যদিকে, বিক্ষোভের অন্যতম আয়োজক শ্রমিক সংগঠন সিজিটি-র দাবি, দেশজুড়ে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ, যার মধ্যে রাজধানীতেই ছিলেন আড়াই লক্ষ মানুষ।
প্যারিস ছাড়াও লিয়ঁ, লিল, মার্সেই, মন্টপেলিয়র, নঁত ও তুলুজে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। প্যারিসে ৩ হাজারের বেশি মানুষকে থামিয়ে তল্লাশি করা হয় এবং ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, ফ্রান্সের বামপন্থী নেতা জঁ-লুক মেলঁশোঁ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, বিক্ষোভকে নেতিবাচকভাবে তুলে ধরতে বলপ্রয়োগ করা হয়েছে।
আরও খবর : ফ্লোরিডায় স্টেডিয়ামের কাছে গুলি, আহত ১২! জখম ছয় শিশু, তদন্তে মার্কিন পুলিশ
আলবেনিয়ায় সরকারবিরোধী আন্দোলন
আলবেনিয়ার (Albenia) রাজধানী তিরানায় ফের সরকারবিরোধী বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। গত কয়েক দিন ধরেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। কিছু বিক্ষোভকারী নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে আতশবাজি ছুড়েছেন বলেও অভিযোগ। আন্দোলনের সূত্রপাত একটি বিলাসবহুল হোটেল নির্মাণ প্রকল্পকে ঘিরে। ওই প্রকল্পের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। মে মাসে শুরু হওয়া প্রতিবাদ অক্টোবরের মাঝামাঝি থেকে আরও তীব্র হয়েছে। কর্তৃপক্ষের দাবি, একাধিক সরকারি ভবনে হামলা হয়েছে, বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং ৩০০-রও বেশি বিক্ষোভকারী ও পুলিশকর্মী আহত হয়েছেন।
ইতালিতে কড়া নিরাপত্তা, আটক বহু
ইতালিতেও (Italy) বিক্ষোভ সামাল দিতে বড় সংখ্যায় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। শনিবার বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি চলাকালীন সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ৩৭১ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১১০ জন নাবালক। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। বিক্ষোভের আগে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড়ও চালানো হয়। মেলোনি পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, হিংসা ছড়ানোর চেষ্টা সত্ত্বেও নাগরিকদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় কাজ করেছেন আইনরক্ষকেরা।
স্পেনে আবাসন সঙ্কট ঘিরে আন্দোলন
স্পেনের (Spain) রাজধানী মাদ্রিদের পুয়ের্তা দেল সোল চত্বর আবাসন সঙ্কটবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। গত ২৬ সেপ্টেম্বর দীর্ঘদিনের বাড়ি থেকে ৮৭ বছরের এক বৃদ্ধাকে উচ্ছেদ করার পর প্রতিবাদ শুরু হয়। অভিযোগ, বাড়ির মালিক ভাড়া অনেকটা বাড়িয়ে দেওয়ায় তাঁকে বাড়ি ছাড়তে হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ভাড়া বৃদ্ধি এবং ভাড়াটেদের সুরক্ষার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মাদ্রিদের প্রতিবাদী শিবিরে এখন শত শত মানুষ থাকছেন। সেখানে খাবারের ব্যবস্থা, চিকিৎসাকেন্দ্র এবং আলোচনার জায়গাও তৈরি হয়েছে। আবাসন সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার ভাড়াটেদের সুরক্ষা এবং উচ্ছেদ নিয়ন্ত্রণে দুটি জরুরি বিল আনে। তবে সংসদে প্রয়োজনীয় সমর্থন না মেলায় সেগুলি অনুমোদন পায়নি। এর পর ২৯ নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন সানচেজ।
পর্তুগালেও বাড়ছে ক্ষোভ
পর্তুগালে (Portugal) বাড়ির দাম ও ভাড়া বৃদ্ধির কারণে বিশেষ করে তরুণদের মধ্যে অসন্তোষ বাড়ছে। ২০১৭ সালের পর থেকে সেখানে বাড়ির দাম দ্বিগুণেরও বেশি হয়েছে । নতুন ভাড়ার চুক্তির ক্ষেত্রেও ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। শনিবার লিসবনে হাজার হাজার মানুষ আবাসন সমস্যার প্রতিবাদে মিছিল করেন। পরে রসিও চত্বরে শতাধিক তাঁবু খাটিয়ে প্রতিবাদী শিবির গড়ে ওঠে। রবিবার ভোরে পুলিশ সেই শিবির সরিয়ে দেয় এবং কয়েকজনকে গ্রেফতার করে। উচ্ছেদের সময় সামান্য আঘাত লাগার খবরও পাওয়া গিয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, লাগামছাড়া ভাড়া ও জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের উপর চাপ বাড়াচ্ছে। উচ্ছেদ সহজ করা এবং নতুন ভাড়ার চুক্তিতে ভাড়ার ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তাঁরা।
