ওয়েব ডেস্ক : অবসরের পরে মাসে মাত্র ১০০০ টাকা পেনশন (Pension)। বর্তমান বাজারদরে এই অর্থে সংসার চালানো কতটা কঠিন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছেন পেনশনভোগীরা। ন্যূনতম পেনশনের অঙ্ক বাড়ানোর দাবির মধ্যেই আগামী ১৯ নভেম্বরের বৈঠক ঘিরে নতুন করে আলোচনা চলছে। গুজরাতের গিরে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের ২৪০তম বৈঠক হওয়ার কথা। সেখানে কর্মচারী পেনশন প্রকল্পের পেনশন বৃদ্ধির বিষয়টি আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইপিএফওর অধীনে ন্যূনতম মাসিক পেনশন ১০০০ টাকাই রয়েছে। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও চিকিৎসা-সহ দৈনন্দিন খরচ বেড়েছে। পেনশনভোগীদের বিভিন্ন সংগঠন তাই মাসিক ন্যূনতম পেনশন বাড়িয়ে ৭৫০০ টাকা করার দাবি জানিয়েছে। পাশাপাশি মহার্ঘ ভাতা চালুর দাবিও রয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে বর্তমান পেনশনের অঙ্ক সাড়ে সাত গুণ হবে।
আরও খবর : ছাত্র সংসদের দাবিতে উত্তাল জামিয়া
পেনশন বৃদ্ধির বিষয়টি নিয়ে চলতি বছরের শুরুতেও আলোচনা হয়েছিল। শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ন্যূনতম পেনশন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে। কমিটির বক্তব্য, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনের অঙ্ক পুনর্বিবেচনা করা জরুরি। তবে চলতি বছরের বাজেটে পেনশন বৃদ্ধির বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৪০তম বৈঠকে পেনশন বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। সেখানে কতটা পেনশন বাড়ে সেটাই দেখার।
