রেশন বণ্টন দুর্নীতি মামলায় সকাল থেকে ইডির তল্লাশি কলকাতায়

0
42

কলকাতা: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আর মাত্র দু’সপ্তাহ বাকি। এই আবহেই রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি-ED)। শুক্রবার ভোর থেকে কলকাতা-সহ (Kolkata) রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়।

ইডি সূত্রে জানা গিয়েছে, সিজিও কমপ্লেক্স থেকে একাধিক দল বেরিয়ে কলকাতার বিভিন্ন এলাকা ছাড়াও বনগাঁ, মুর্শিদাবাদ ও হাওড়ায় পৌঁছে তল্লাশি শুরু করে। একাধিক ব্যবসায়ীর বাড়ি ও সংশ্লিষ্ট ঠিকানায় চিরুনি তল্লাশি চলছে। তদন্তকারীরা মূলত রেশন সামগ্রী পাচার, আর্থিক লেনদেন এবং প্রভাবশালী যোগের খোঁজ করছেন।

আরও পড়ুন: আজও ঝড়বৃষ্টি কলকাতায়, উইকএন্ডে ফিরছে ভ্যাপসা গরমের দাপট?

তদন্তে বসন্ত কুমার শরাফ নামে এক ব্যবসায়ীর নাম সামনে আসে। সেই সূত্রেই তাঁর বাড়িতেও হানা দেয় ইডির একটি দল। কীভাবে রেশনের সামগ্রী বাজারে পাচার হত এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এই রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির অভিযোগ, কয়েক কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যদিও ২০২৫ সালের ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। এবারের বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। সম্প্রতি তাঁর সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি।

ভোটের আগে ইডির এই তৎপরতা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা যেখানে দুর্নীতির তদন্তে জোর দিচ্ছে, সেখানে শাসকদলের অভিযোগ, এটি রাজনৈতিক উদ্দেশ্যেই করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here