ওয়েব ডেস্ক : একটি বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে প্রায় ২৯০ কোটি টাকার আর্থিক লেনদেনের তদন্তে এবার পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকেই কলকাতার লেকটাউন এবং হুগলির উত্তরপাড়ায় তদন্তকারীদের তৎপরতা দেখা যায়। দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে পৌঁছে বিভিন্ন নথি পরীক্ষা করেন আধিকারিকরা।
তদন্তের সূত্রপাত ঝাড়খণ্ডের একটি বিদ্যুৎ প্রকল্প। অভিযোগ, সেখানে ৬৬ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্দেশ্যে একটি বেসরকারি সংস্থা ব্যাঙ্ক থেকে প্রায় ২৯০ কোটি টাকা ঋণ নেয়। কিন্তু যে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, সেখানে সেই টাকা ব্যবহার করা হয়নি বলে অভিযোগ। বরং অর্থের একটি বড় অংশ অন্যত্র সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কীভাবে এই বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছিল, কারা এর সঙ্গে যুক্ত ছিলেন, সেই সূত্র খুঁজতেই তদন্তকারীদের এই অভিযান।
আরও খবর : সাউথ সিটির ২৭ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! বিদ্যুৎ বিচ্ছিন্ন, সিঁড়ি দিয়ে নামানো হল বাসিন্দাদের
তদন্তের নজরে দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
লেকটাউনের একটি অভিজাত আবাসনে থাকেন অশোক সারথি। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার যোগাযোগ থাকার অভিযোগ উঠেছে। সেই সূত্র ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। অন্যদিকে উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটে সুদীপ্ত ঘোষের বাড়িতেও পৌঁছন তদন্তকারীরা। তিনিও পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। যদিও অভিযোগের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন সুদীপ্ত ঘোষ।
একাধিক জেলায় একযোগে অভিযান
শুক্রবারের তদন্ত শুধু কলকাতা ও হুগলিতে সীমাবদ্ধ থাকেনি। দুর্গাপুর এবং হাওড়াতেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। প্রতিটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে তদন্তের কাজ। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
