34 C
Kolkata

পুরানো মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ

Must Read

কলকাতা: মন্ত্রীত্বের ব্যস্ততা সরিয়ে শনিবার সকালে যেন ফের ‘পুরানো ছন্দে’ ধরা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সল্টলেকের (Saltlake) ভেড়িতে জাল ফেলে মাছ ধরা থেকে শুরু করে নৌকা বাইচ, সবেতেই দেখা গেল খোশমেজাজে থাকা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা প্রাণিসম্পদ মন্ত্রীকে। আর শেষে ধরা মাছ ভেজে মুড়ি দিয়ে প্রাতঃরাশও সারলেন অনুগামীদের সঙ্গে বসে।

শনিবার সকালে বিধাননগরের খাসমবল এলাকায় স্থানীয়দের আমন্ত্রণে পৌঁছন দিলীপ। অভিযোগ, তৃণমূল আমলে এলাকার একাধিক মাছের ভেড়ি দখল হয়ে গিয়েছিল। সরকার বদলের পর সেগুলি ফের স্থানীয়দের দখলে ফিরেছে বলে দাবি বিজেপির। সেই আবহেই এলাকাবাসীর সঙ্গে দেখা করতে যান মন্ত্রী। ফুলের মালা ও মিষ্টি দিয়ে তাঁকে সংবর্ধনাও জানানো হয়।

আরও পড়ুন: বাড়িতে আগুনের পর আতঙ্কে স্বপ্না বর্মণ, পরিবারসহ নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ তৃণমূল প্রার্থী

তারপরই একেবারে চেনা মেজাজে ভেড়ির জলে নেমে পড়েন দিলীপ ঘোষ। হাতে জাল নিয়ে মাছ ধরতে শুরু করেন। অনুগামীরা ঘিরে মোবাইলে ভিডিও তুলতে ব্যস্ত, আর দিলীপ কখনও জাল ফেলছেন, কখনও আবার টেনে তুলছেন মাছভর্তি জাল। পরে সেই মাছই কড়াইয়ে ভেজে মুড়ির সঙ্গে খেতে দেখা যায় তাঁকে। ডাবের জল খেয়ে আড্ডাও দেন স্থানীয়দের সঙ্গে।

দিলীপ ঘোষ বলেন, “এই ভেড়িগুলো আমাদের লোকজনের থেকে দখল করে নেওয়া হয়েছিল। এখন আবার ওরা ফিরে পেয়েছে। তাই ওদের সঙ্গে দেখা করতে এসেছি।” পাশাপাশি তিনি জানান, ২০২১ সালে এই এলাকায় মাছ ছাড়া হয়েছিল, পরে সব দখল হয়ে যায়। এখন ফের ভেড়ি ফিরে পাওয়ায় খুশি স্থানীয় মানুষজন। এদিন ভেড়িতে দাঁড় বেয়ে নৌকা চালাতেও দেখা যায় বিজেপি নেতাকে।

Latest News

এখনই কমছে না পেট্রোল-ডিজেলের দাম! বড় ইঙ্গিত কেন্দ্রের

ওয়েব ডেস্ক : পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম এখনই কমার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম (Oil...

More Articles Like This