দেবাশিস সেনগুপ্ত: পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ছ’ মাস বাড়াল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবে মঙ্গলবার সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। জনস্বার্থে সর্বভারতীয় পরিষেবা (মৃত্যু-সহ অবসর সুবিধা) বিধি শিথিল করে ৩১ অক্টোবরের পরও তাঁকে আরও ছ’ মাস পরিষেবায় রাখার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে আগামী বছরের এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্য পুলিশের শীর্ষ পদে বহাল থাকছেন ১৯৯২ ব্যাচের এই আইপিএস অফিসার।
চলতি বছরের মার্চে নির্বাচন কমিশন রাজ্যের ডিজি ও আইজিপি পদে সিদ্ধিনাথ গুপ্তাকে নিয়োগ করেছিল। নির্বাচনের আবহে তৎকালীন ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে তাঁর হাতে রাজ্য পুলিশের দায়িত্ব তুলে দেওয়া হয়। রাজীব কুমারের অবসরের পর ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন পীযূষ পাণ্ডে।
আরও পড়ুন: পুজোর আগে মিলবে ১২ হাজার টাকা, বড় ঘোষণা সরকারের, কারা পাবেন?
এর পর এপ্রিলেই সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ প্রথম দফায় ছ’ মাস বাড়ানো হয়েছিল। সেই বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই ফের কার্যকাল বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। নতুন অনুমোদনের ফলে ৩১ অক্টোবরের পরও আরও ছ’ মাস তিনি ডিজি পদে দায়িত্ব সামলাবেন।
কেন্দ্রীয় নির্দেশে জনস্বার্থের কারণ দেখিয়ে সংশ্লিষ্ট অবসর সংক্রান্ত বিধি শিথিল করার কথা বলা হয়েছে। অর্থাৎ নির্ধারিত অবসরের সময়সীমা পেরিয়েও বিশেষ অনুমোদনের ভিত্তিতে রাজ্য পুলিশের শীর্ষ পদে তাঁর দায়িত্ব অব্যাহত থাকছে।
পরপর দু’ দফায় মেয়াদ বৃদ্ধির ফলে রাজ্য পুলিশের ডিজি পদে সিদ্ধিনাথ গুপ্তার কার্যকাল আগামী বছরের এপ্রিল পর্যন্ত নিশ্চিত হল।
