ট্রাকের চাকায় পিষে পুলিশ আধিকারিককে খুন, হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ দুই অভিযুক্ত

Must Read

ওয়েব ডেস্ক : কর্তব্যরত পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনায় মধ্যপ্রদেশে (Madhya Pradesh) উত্তেজনা। দেওয়াসে থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিলীপ পুরীকে ট্রাকের চাকায় পিষে দেওয়ার অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে ঘিরে পৃথক এনকাউন্টারের ঘটনা ঘটল। মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় ট্রাকচালক গজেন্দ্র ওরফে আক্কু রাওয়াত এবং তার সহযোগী ধীরজ। দু’জনেরই একটি করে পায়ে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের দাবি, অবৈধ মদ পাচারের খবর পেয়ে সোমবার ভোরে ইন্দোর-বেতুল জাতীয় সড়কে অভিযান চালান এসএইচও দিলীপ পুরী। তাঁর সঙ্গে ছিল পুলিশের একটি দল। গুজরাতের দিকে বিপুল পরিমাণ বেআইনি মদ পাচার করা হচ্ছে বলে খবর পেয়েছিলেন তাঁরা। সন্দেহভাজন একটি ট্রাক আটকানোর চেষ্টা করেন দিলীপ। ওই ট্রাকে প্রায় ১ হাজার ৮০০ লিটারেরও বেশি মদ ছিল বলে জানা গিয়েছে। পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে পালানোর চেষ্টা করে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ডিভাইডারে উঠে যায়। অভিযোগ, ট্রাকের পিছনের চাকা দিলীপ পুরীর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার পর থেকেই পলাতক ছিল ট্রাকচালক গজেন্দ্র ওরফে আক্কু রাওয়াত। অবশেষে আলিরাজপুর জেলা থেকে তাকে আটক করে পুলিশ। দেওয়াসে নিয়ে আসার পথে বরোঠা থানা এলাকায় পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে সে।

আরও খবর :  ১৭ নভেম্বর কলকাতায় ফিরতেই হবে টুলু মণ্ডলকে! সুপ্রিম কোর্টের নির্দেশে মিলল সাময়িক স্বস্তি, রয়েছে একাধিক শর্ত

দেওয়াসের পুলিশ সুপার আদিত্য মিশ্রের দাবি, এক পুলিশকর্মীর রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালায় অভিযুক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই একটি পায়ে গুলিবিদ্ধ হয় গজেন্দ্র। প্রথমে তাকে দেওয়াস জেলা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইন্দোরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় ট্রাকে চালকের সঙ্গে থাকা ধীরজকেও গ্রেফতার করেছে পুলিশ। দেওয়াসের সিটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুমিত আগরওয়াল জানিয়েছেন, ধীরজও পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। ব্যাঙ্ক নোট প্রেস থানা এলাকায় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে সে গুলি চালায় বলে অভিযোগ।

পুলিশের দাবি, গুলি চালানো বন্ধ করতে তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। তাতে ধীরজের একটি পায়ে গুলি লাগে। বর্তমানে দেওয়াস জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Latest News

জঙ্গলে মাওবাদী শক্তি শেষ, এবার ‘দিমাগি নকশাল’দের নিয়ে সতর্কবার্তা মোদির! বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি

ওয়েব ডেস্ক : ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদযাপনের মঞ্চ থেকে মাওবাদী কার্যকলাপ নিয়ে নতুন করে সতর্কবার্তা দিলেন...

More Articles Like This