রাহুলের মহামিছিল ঘিরে ১২ হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা!

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ (INDIA Bloc Rally) ঘিরে এবার বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করল রাজধানীর ব্যবসায়ী সংগঠন। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি বা সিটিআইয়ের দাবি, এই কর্মসূচির জেরে দিল্লির প্রায় ২০টি বড় বাজারের ব্যবসা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সংগঠনের হিসাব অনুযায়ী, বাজারগুলি ঘিরে দৈনিক প্রায় ১০ থেকে ১২ হাজার কোটি টাকার ব্যবসা হয়। সমাবেশের কারণে সেই ব্যবসায় বড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দীপাবলির আগে কেনাকাটার গুরুত্বপূর্ণ সময়ে এই পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা।

সিটিআইয়ের দাবি, রামলীলা ময়দান (Ramlila Maidan) থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে থাকা প্রায় তিন লক্ষ দোকানের মধ্যে আড়াই লক্ষ দোকান বন্ধ থাকতে পারে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ৮০ শতাংশ ব্যবসায়িক কাজকর্ম থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে। সংগঠনের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল জানিয়েছেন, এই পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইতিমধ্যেই চারবার চিঠি পাঠানো হয়েছে। সমাবেশে যোগ দিতে আসা মানুষকে দিল্লির বাজারে কেনাকাটার আবেদন জানিয়ে রাহুল যে ভিডিও বার্তা দিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী সংগঠন। তবে তাদের বক্তব্য, দোকান বন্ধ থাকলে ক্রেতারা কেনাকাটা করবেন কোথায়? ব্যবসায়ীদের দাবি, প্রায় ১০০টি বাজার সংগঠন রাজনৈতিক কোনও কারণে নয়, দীপাবলির মরসুমে জীবিকা রক্ষার স্বার্থেই সমাবেশ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল।

আরও খবর :  রামলীলা ময়দানে বিরোধীদের মহাসমাবেশ, বিরোধীদের সঙ্গে নিয়ে মিছিলের সূচনা করলেন রাহুল গান্ধী

দোকান বন্ধ থাকার পাশাপাশি পণ্য সরবরাহ ব্যবস্থাতেও বড়সড় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা করছে সিটিআই। তাদের দাবি, সমাবেশস্থল থেকে ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পণ্যবাহী গাড়ির চলাচল, মাল ওঠানো এবং নামানোর কাজ ব্যাহত হতে পারে। নরেলা, বাওয়ানা, ওখলা, ময়াপুরি, মুন্ডকা-সহ ৫৬টি শিল্পাঞ্চল থেকে প্রতিদিন প্রায় পাঁচ হাজার ট্রাক ও ছোট পণ্যবাহী গাড়ি দিল্লির বাজারে পণ্য পৌঁছে দেয়। কিন্তু যান চলাচলে বিধিনিষেধের কারণে ধনতেরসের জন্য নির্ধারিত পণ্য গুদামেই আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। সোনিপত, পানিপত, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ, নয়ডা ও মিরাটের মতো শহর থেকেও ক্রেতারা যানজটের আশঙ্কায় দিল্লিতে আসা এড়িয়ে যেতে পারেন বলে মনে করছে ব্যবসায়িক সংগঠন।

এদিকে, সমাবেশে অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য ১৫ থেকে ২০ হাজার বাস, গাড়ি ও টেম্পোর প্রয়োজন হতে পারে বলে অনুমান ব্যবসায়ীদের। এত গাড়ির পার্কিং এবং চলাচল কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। জেএলএন মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ, নেতাজি সুভাষ মার্গ, আজমেরি গেট এবং চাঁদনি চক রোডে যানজটের আশঙ্কা রয়েছে। সিটিআইয়ের দাবি, এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে প্রায় ২০ লক্ষ ব্যবসায়ী এবং ব্যবসার সঙ্গে যুক্ত ৭৫ লক্ষ মানুষের জীবিকার উপর। তবে সংগঠনটি স্পষ্ট করেছে, তারা বিরোধীদের রাজনৈতিক কর্মসূচির বিরোধী নয়। তাদের বক্তব্য, সমাবেশ হোক, কিন্তু তার জন্য দীপাবলির বাজার, পণ্য পরিবহণ এবং সাধারণ মানুষের যাতায়াত যেন বিপর্যস্ত না হয়।

Latest News

জঙ্গলে মাওবাদী শক্তি শেষ, এবার ‘দিমাগি নকশাল’দের নিয়ে সতর্কবার্তা মোদির! বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি

ওয়েব ডেস্ক : ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদযাপনের মঞ্চ থেকে মাওবাদী কার্যকলাপ নিয়ে নতুন করে সতর্কবার্তা দিলেন...

More Articles Like This