ওয়েব ডেস্ক: ১০ অক্টোবর (শনিবার) যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে অনুমতি দিল না দিল্লি পুলিশ। তারা জানাল, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারেনি অভিজিৎ দীপকে-র দল। সেই সঙ্গে শনিবার ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখতে নির্দেশ দিল দিল্লি পুলিশ। যন্তর মন্তর চত্বরে নিয়ে যায় এমন সবক’টি স্টেশন বন্ধ রাখতে দিল্লি মেট্রোকে নির্দেশ দেওয়া হল।
এসআইআর বিতর্ক এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলছে প্রতিবাদ। একদিকে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সাংসদরা প্রতিবাদ করছেন। আর একদিকে রয়েছে সিজেপি। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে প্রতিবাদ করে তারা। সেই সভায় উপস্থিত ছিলেন নামী ইউটিউবার ধ্রুব রাঠী এবং অভিনেতা প্রকাশ রাজ।
আরও পড়ুন: ইন্ডিয়া জোটের নেতাদের সময় দিলেন রাষ্ট্রপতি, সাক্ষাৎ আজই
শুক্রবার দিল্লির পুলিশ কমিশনার নূপুর প্রসাদ জানিয়েছেন, সিজেপি-র নেতা সৌরভ দাস গত বুধবার আবেদন করেছিলেন। কিন্তু বর্তমান নিয়মাবলি অনুযায়ী, প্রতিবাদ কর্মসূচি পালনের ১০ দিন আগে তার আবেদন জমা দিতে হয়। তাই শনিবারের প্রতিবাদের অনুমতি দেওয়া হয়নি। কমিশনার এও বলেন, অতীতে প্রতিবাদ কর্মসূচি সংক্রান্ত নিয়মনীতি পালনে ব্যর্থ হয়েছে সিজেপি। যদি নিয়মভঙ্গ হয় তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে দু’দিন আগে সিজেপি নেতা সৌরভ বলেছিলেন, অনুমতি নেওয়ার ব্যাপারটাই তাঁরা মানেন না। যার বিরুদ্ধে প্রতিবাদ, তার কাছেই অনুমতি নিতে হবে, এই বিষয়টা তাঁর কাছে আশ্চর্যের। সৌরভের প্রশ্ন, গান্ধীজি কি ডান্ডি অভিযানের আগে ব্রিটিশদের কাছে অনুমতি চেয়েছিলেন?
প্রসঙ্গত, আগামিকাল যন্তর মন্তরে যে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে, তা হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপি-র তৃতীয় বিক্ষোভ কর্মসূচি। দলটি এর আগে ৩ অক্টোবর মুম্বাইতে এবং বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।
