ওয়েব ডেস্ক : নিউটাউনের (Newtown) এক আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক তরুণীর পচাগলা দেহ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার ভোররাতে আবাসনের এ ব্লকের একটি ফ্ল্যাট থেকে দেহটি উদ্ধার করে পুলিশ (Police)। মৃতার নাম অপলা প্রধান। বয়স ৩০ বছর। তাঁর বাড়ি জামশেদপুরে।
জানা দিয়েছে, কলকাতার একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন অপলা। চাকরির সূত্রে নিউটাউনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। গত দু’-তিন দিন ধরে পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর সঙ্গে কথা বলতে পারেননি।প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে বিশেষ সন্দেহ করেননি। কাজের ব্যস্ততার কারণে হয়তো ফোন ধরছেন না বলেই মনে করেছিলেন তাঁরা। কিন্তু কয়েকদিন ধরে আবাসনের বাইরে অপলাকে দেখতে না পাওয়ার পাশাপাশি তাঁর ফ্ল্যাটের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
আরও খবর : বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগ, তদন্তে পুলিশ
সন্দেহজনক পরিস্থিতি দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বৃহস্পতিবার ভোররাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বন্ধ ফ্ল্যাটে ঢুকে উদ্ধার করা হয় অপলার দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, দু’-তিন দিন আগেই তরুণীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যা, অসুস্থতা নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
