ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড়ের প্রভাব কাটার আগেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশার (Odisha ) উপকূলবর্তী এলাকা। গঞ্জাম থেকে গজপতি—দুই জেলার বিস্তীর্ণ অংশে কার্যত বন্যা পরিস্থিতি। একের পর এক গ্রাম চলে গিয়েছে জলের তলায়। পরিস্থিতির ভয়াবহতা বোঝাচ্ছে বৃষ্টির পরিসংখ্যান। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গঞ্জাম জেলার পত্রপুর ব্লকেই বৃষ্টি হয়েছে ৫৪৬ মিলিমিটার। রাজ্যের আরও কয়েকটি ব্লকেও বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়েছে।
প্রবল বর্ষণে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। গঞ্জামের ধরকোট, সনাখেমুণ্ডী, সুরাডা ও পত্রপুর ব্লকের বহু গ্রাম প্লাবিত। প্রশাসনিক সূত্রে খবর, এই এলাকাগুলিতে দু’হাজারেরও বেশি মানুষ জলবন্দি হয়ে রয়েছেন। ইতিমধ্যেই গঞ্জাম জেলায় ১১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
আরও খবর : ১০ বছরে উত্তরাখণ্ডে ১৩টি কপ্টার দুর্ঘটনা, মৃত্যু ২৭ জনের! পাহাড়ি আকাশে বারবার বিপর্যয়
অতিবৃষ্টির জেরে গঞ্জামের ঋষিকুল্লা এবং গজপতির বংশধারা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর জল ঢুকে পড়েছে আশপাশের জনবসতিতে। উপকূলের নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে। বৃষ্টির প্রভাব পড়েছে রেল ও সড়ক যোগাযোগেও।
বিপর্যস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজ চালাতে নৌকা নিয়ে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া মানুষকে উদ্ধারের পরিকল্পনাও করা হচ্ছে। রাজ্যের মুখ্যসচিব অনু গর্গ জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার চাওয়া হয়েছে। তবে আকাশ মেঘে ঢাকা থাকায় এবং বৃষ্টি চলতে থাকায় আবহাওয়ার পরিস্থিতি বুঝে হেলিকপ্টার নামানোর সিদ্ধান্ত নেওয়া হবে। ধরকোটের চারটি জায়গা থেকে ১২০ জনকে আকাশপথে উদ্ধারের প্রস্তুতি চলছে।
