ওয়েব ডেস্ক : চোরবাগান সর্বজনীনের দুর্ঘটনার (Chorbagan Incident) তদন্তে এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং। পুজোর ঘোষক কুশল মজুমদার ওরফে কালিয়া এবং সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে জিজ্ঞাসাবাদের পর দুর্ঘটনার আগে মাইকে কে ঘোষণা করেছিলেন, তা নিয়ে তদন্তকারীরা নতুন তথ্য পেয়েছেন বলে লালবাজার সূত্রে খবর।
সপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে মাইক্রোফোন হাতে দর্শনার্থীদের উদ্দেশে ঘোষণা করেছিলেন কালিয়া। গ্রেফতারির পর তাঁর ফেসবুক পোস্টে দাবি করা হয়, এক পুলিশকর্মীর কথায় সম্ভাব্য বিপদের আশঙ্কা জানিয়ে দর্শনার্থীদের সরে যেতে বলেছিলেন তিনি। কোন পরিস্থিতিতে তিনি সেই ঘোষণা করেছিলেন, ইতিপূর্বে পুলিশের কাছে সে ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ তদন্তকারী দল (সিট) তাঁর বক্তব্য শুনেছে।
আরও খবর : ‘বয়স প্রায় ৭৫, এ বার বিশ্রাম নেওয়া উচিত’, নাম না করে মমতাকে পরামর্শ শুভেন্দুর
পুলিশি তদন্তে উঠে এসেছে, দুর্ঘটনার আগে সেন্টু কালিয়াকে জানিয়েছিলেন যে তিনি মণ্ডপের ভিতরে পুজো কমিটির সদস্যদের বসার জায়গায় যাচ্ছেন। তার পরেই কালিয়া ঘোষকের দায়িত্ব সামলান। কিন্তু কখন ঘোষণা হয়েছিল, সেই সময় মণ্ডপের পরিস্থিতি কী ছিল এবং দুর্ঘটনার সঙ্গে ঘোষণার কোনও সরাসরি যোগ ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
তদন্তে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে সিসিটিভি ফুটেজ ঘিরে। মণ্ডপে মোট ৩০টি ক্যামেরা বসানো হয়েছিল। পুলিশ দু’টি ডিজিটাল ভিডিও রেকর্ডার বাজেয়াপ্ত করেছে। একটি রেকর্ডারে ১৪টি এবং অন্যটিতে ১৬টি ক্যামেরার ফুটেজ থাকার কথা। কিন্তু একটি রেকর্ডার থেকে মাত্র ১৩টি ক্যামেরার রেকর্ডিং পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর। বাকি ফুটেজের হদিস না মেলায় গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
