চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ২০২৭-এর পুজোর আগে আগাম প্রস্তুতির অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : প্রথম সপ্তমীর রাতে চোরবাগান সর্বজনীনের পুজোকে কেন্দ্র করে পদপিষ্টের ঘটনায় প্রাণহানির স্মৃতি এখনও তাজা। উৎসবের আনন্দের মধ্যে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা রাজ্যবাসীর মনে গভীর ক্ষত তৈরি করেছে। আগামী বছর দুর্গাপুজোর সময় যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বুধবার রাতে শ্যামপুরের বেলপুকুর কলেজের মাঠে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে চোরবাগানের দুর্ঘটনার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ২০২৭ সালের দুর্গাপুজোর অনেক আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার। ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করাই এখন লক্ষ্য। দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মৃত্যুর ক্ষতি কোনও ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবুও সরকারের কিছু দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত হবে বলেও জানান তিনি। তাঁর দাবি, আহতদের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন। ২৩-২৪ তারিখের মধ্যে ৬ জনের বাড়ি যাব বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর :  ভোরে হালকা শীতের আমেজ, পুজোর পর মনোরম আবহাওয়া! তবে আগামী সপ্তাহেই বদলাবে পরিস্থিতি

এছাড়া অনুষ্ঠানে শ্যামপুরের উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনার কথা জানান তিনি। এলাকার ১৪ শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে আগামী ডিসেম্বরের মধ্যে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে পরিষেবা চালুর পরিকল্পনার কথাও জানান।

নদীবাঁধের ভাঙন রোধ, কাঠের সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণ এবং বোয়ালিয়ায় বড় সেতু তৈরির পরিকল্পনার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। কর্মসংস্থান প্রসঙ্গে আগামী বছরের ৮ মে-র মধ্যে এক লক্ষ যুবক-যুবতীর চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলেও জানান। পাশাপাশি আবাস যোজনার পরবর্তী পর্যায়ে ২৫ লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This